বান্দরবান জেলার লামা উপজেলায় যাত্রীবাহী একটি টমটম গাড়ি পাহাড়ি খাদে পড়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তার নাম তাসমিন আক্তার। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া-লামা সড়কের ইয়াংছা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তাসমিন আক্তার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের মেয়ে। গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের চকরিয়া থেকে যাত্রীবাহী একটি টমটম গাড়ি গতকাল সকাল সাড়ে ১০টার দিকে লামা উপজেলার ইয়াংছা এলাকায় যাচ্ছিল। এ সময় গাড়িটি সড়কের ইয়াংছা আর্মি ক্যাম্পের আগের মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৬ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুুপুুর ২টার দিকে স্কুলছাত্রী তাসনিম আক্তার মারা যায়।
এদিকে গতকাল সকালে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ওটিজি কোম্পানির সাইট চিফ ইঞ্জিনিয়ার শাহ আব্দুল মঈন নিহত হয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া মোড়ে বাসচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়। গত শুক্রবার রাতে চট্টগ্রামের আনোয়ারায় বাসের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। ফরিদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রায়হান ইসলাম রাজিব নামে এক পুলিশ সদস্য নিহত হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন লেগে ফাতেমা এক যাত্রী নিহত হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
টাঙ্গাইলে রেল সেতুর প্রকৌশলী নিহত : বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ওটিজি কোম্পানির সাইট চিফ ইঞ্জিনিয়ার শাহ আব্দুল মঈন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশন সংলগ্ন গোলচত্বর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ওই চিফ ইঞ্জিনিয়ার শাহ আব্দুল মঈন নরসিংদী জেলা শহরের বাসিন্দা।
পুলিশ জানায়, প্রকৌশলী শাহ আব্দুল মঈন শনিবার সকালে এলেঙ্গা থেকে মহাসড়ক দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর অফিসে যাচ্ছিলেন।
বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে গোলচত্বর এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মঈনকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জে বাসচাপায় নিহত ২ : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া মোড়ে বাসচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। নিহতরা হলেন, গোবিন্দগঞ্জের বোয়ালিয়া শিববাড়িপাড়া এলাকার ভ্যানচালক শাহজাহান আলী (৫০) ও ভ্যানযাত্রী একই উপজেলার নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের ফরিদ শেখ (২২)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে ভ্যানটি তিন যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জের নাকাইহাট থেকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিল। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া শাহজালাল-শাহ পরান নামের যাত্রীবাহী একটি বাস লালমনিরহাট যাচ্ছিল। বাসটি সকাল ছয়টার দিকে মহাসড়কের বোয়ালিয়া মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দেয়।
আনোয়ারায় বাসের ধাক্কায় কিশোর নিহত : চট্টগ্রামের আনোয়ারায় বাসের ধাক্কায় মো. মিনহাজ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার পিএবি সড়কের ঝিওরী চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিনহাজ বাঁশখালী উপজেলার চাঁনপুর এলাকার আবুল কাসেমের ছেলে। এ ঘটনায় আশরাফ আলী (৪৮) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃদ্ধসহ ওই কিশোর বরুমচড়া এলাকা থেকে একটি ভ্যানে করে স্ক্র্যাপ নিয়ে যাচ্ছিল চেয়ারম্যান ঘাটায়। এ সময় দ্রুতগতিতে আসা একটি বাস তাদের ধাক্কা দিলে ভ্যানের পেছনে থাকা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুরে পুলিশ সদস্য নিহত : মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রায়হান ইসলাম রাজিব (২৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় তালমার সদরবেড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান ইসলাম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রামের বাসিন্দা ও ফরিদপুর জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
নগরকান্দা থানার ওসি মো. হাবিল হোসেন জানান, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দার তালমার সদরবেড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন রায়হান। পরে তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাইক্রোবাসে আগুন লেগে যাত্রী নিহত : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন লেগে এক যাত্রী নিহত হয়েছে। তার নাম ফাতেমা। চাকা ফেটে গাড়িটিতে আগুন লেগে যায় বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকার কুটুম্বপুরে এ ঘটনা ঘটে। ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী একটি মাইক্রোবাস কুমিল্লার কুটুম্বপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চাকা ফেটে যায়। এ সময় আগুন ধরে যায় মাইক্রোবাসটিতে। তিনি জানান, স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন। তবে মাইক্রোবাসে দগ্ধ হয়ে মারা যান ফাতেমা। নিহত ফাতেমার (২৪) বাড়ি ফরিদপুর জেলায়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাসটি ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়িতে আছে বলে জানিয়েছেন ওসি।
