চোটে জর্জরিত বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ে সিরিজের টাইগারদের চোট জুজু ভর করেছে। প্রথমে আঙুলের চোটে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান সোহান। এরপর প্রথম ওয়ানডেতে লিটন ও মোস্তাফিজ চোটে আক্রান্ত হন একই ম্যাচে। যাদেরকে সোহান ও লিটনের সেরে উঠতে সময় লাগবে তিন সপ্তাহের মতো। তাদেরকে তাই আসন্ন এশিয়া কাপে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই উদ্বেগে দল ঘোষণায় বিলম্ব করছে বিসিবি। এছাড়া এখনও দলের অধিনায়কত্ব কে করবেন সেটাও চূড়ান্ত হয়নি। তবে স্কোয়াড চূড়ান্তের জন্য বিসিবিকে সময় বাড়িয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এশিয়া কাপের জন্য দল ঘোষণার শেষ তারিখ আগামীকাল ৮ আগস্ট। ইতোমধ্যে পাকিস্তান তাদের দল ঘোষণা করেছে। তবে দল ঘোষণার সময়সীমা বাড়িয়ে দেওয়ার জন্য এসিসিকে অনুরোধ করেছিল বিসিবি। কারণ কয়েকজন ক্রিকেটারের চোটের কারণে মেডিকেল চিকিৎসকের প্রতিবেদনের অপেক্ষা করছেন তারা।
এই তথ্য ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, চোটের তালিকা দীর্ঘ হচ্ছে। তাই এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণায় আমরা একটু বিলম্ব করছি। তবে সময়সীমা বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এসিসিকে অনুরোধ করেছিলাম এবং তারা তা গ্রহণ করেছে।’
তিনি আরও যোগ করে বলেন, ‘আমরা চিকিৎসকের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। প্রতিবেদন হাতে আসা মাত্রই আমরা দল চূড়ান্ত করব এবং ১১ আগস্টের আগে স্কোয়াড জমা দিতে হবে।’
আঙ্গুলের চিকিৎসা করাতে নুরুল হাসান সোহান বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। যদি তার আঙুলে অস্ত্রোপচারের প্রয়োজন না হয় তবে শেষ মুহূর্তে তার এশিয়া কাপের দলে ফেরার সম্ভাবনা রয়েছে। এছাড়া টিম ম্যানেজমেন্ট এখনই লিটনকে ছাড়া দল ঘোষণা করতে নারাজ। যদিও বলা হচ্ছে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে তার চার সপ্তাহ সময় লাগবে। এশিয়া কাপের স্কোয়াডে তাকে পাওয়ার সম্ভাবনা তাই ক্ষীণ।
.jpg)
ইনজুরির তালিকায় থাকা অন্য খেলোয়াড়রা হলেন মুস্তাফিজুর রহমান (গোড়ালি), মুশফিকুর রহিম (আঙুল) এবং শরিফুল ইসলাম (হাটু)। যদিও মুশফিক ও শরিফুল দ্বিতীয় ওয়ানডে ম্যাচের স্কোয়াডেই দলে ফিরেছেন। কিন্তু তারা ছাড়াও চোটের কারণে জিম্বাবুয়ে সফর থেকে বাদ পড়া ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফুদ্দিনকেও বাছাইয়ের জন্য ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
চোটের উদ্বেগ ছাড়াও বিসিবি আছে নানা জটিলতায়। কারণ আসন্ন এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অথচ দলের টি-টোয়েন্টি অধিনায়ক এখনও চূড়ান্ত হয়নি বাংলাদেশের। অধিনায়কের তালিকায় তিনি সাকিব আল হাসানের নাম সবার উপরেই ছিল। তবে বেটউইনার নিউজের সঙ্গে স্পনসরশিপ চুক্তির বিষয়ে বোর্ডের কাছে তার অবস্থান পরিষ্কার করতে হবে।
যদিও বিসিবি সভাপতি সম্প্রতি জানিয়েছিলেন তাদের সামনে চার জন বিকল্প রয়েছেন। সোহানের চোটের পর লিটনকে জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করতে বলা হয়েছিল। কিন্তু ব্যাটিংয়ে মনোনিবেশ করতে চান বলে দায়িত্ব নিতে অনীহা দেখান লিটন। এর বাইরে অধিনায়কত্বের দৌড়ে মাহমুদউল্লাহ রিয়াদও এগিয়ে রয়েছেন। যদিও বিসিবির একাধিক মহল জানিয়েছে সে সম্ভবনা খুবই ক্ষীণ।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সাকিব তার টি-টোয়েন্টি অধিনায়কত্বের সময়সীমা জানতে চেয়েছিলেন। সূত্র জানিয়েছে যে তাকে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হলে তিনি তা নিতে প্রস্তুত, যার অর্থ তিনি পরবর্তী বিশ্বকাপকেও লক্ষ্য করছেন এবং সেই অনুযায়ী তার দলকে প্রস্তুত করতে চান।
