ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদানের মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদসহ ৬০ জন নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন। জামিনের আবেদনের ওপর শুনানি শেষে গতকাল রবিবার বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেয়।
আদালতে বিএনপি নেতাকর্মীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও কায়সার কামাল।
ব্যারিস্টার কায়সার কামাল দেশ রূপান্তরকে বলেন, ওই ঘটনায় ৭১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে একটি মামলা হয়। সেই মামলাতে এই ৬০ জন আগাম জামিন নিতে এসেছিলেন। তিনি বলেন, ‘৬২ জনের আবেদন করেছিলাম। এর মধ্যে একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। একজন এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন। হাইকোর্ট ৬০ জনকে আগাম জামিন দিয়েছেন। জামিনের মেয়াদ শেষে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন আদালত।’
লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ১ আগস্ট ভোলায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
