দুর্লভ আলোকচিত্র প্রদর্শন, সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল রবিবার জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ঢাকা থেকে জাতীয় জাদুঘর: রূপান্তরের ইতিবৃত্ত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। জাদুঘরের পর্ষদ সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘জাদুঘরে প্রায় ১ লাখ নিদর্শন রয়েছে যার মধ্যে আমরা মাত্র ৫ শতাংশ প্রদর্শন করতে পারি। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জাদুঘরকে আধুনিকায়ন করার পদক্ষেপ নিয়েছি। আশা করছি, শিগগিরই এ প্রকল্প অনুমোদিত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্যালারির সংখ্যা বাড়ানো যাবে এবং আরও অধিক নিদর্শন প্রদর্শন করা যাবে।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়া। আলোচক ছিলেন ওয়াইল্ডটিমের প্রধান নির্বাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। সঞ্চালনা করেন শিহাব শাহরিয়ার।
