কমনওয়েলথ গেমসের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ৬৭ স্বর্ণসহ ১৭৮টি পদক জিতে বার্মিংহাম গেমসে সেরা হয়েছে তারা। স্বাগতিক ইংল্যান্ড ৫৭ স্বর্ণ নিয়ে হয়েছে দ্বিতীয়। রূপা ও ব্রোঞ্জ মিলিয়ে অস্ট্রেলিয়ার চেয়ে পদকের সংখ্যা দুটি কম তাদের। গেমসের ইতিহাসে এবারই ইংল্যান্ড সর্বোচ্চ সংখ্যক পদক জিতল। তিনে আছে কানাডা। ২৬ স্বর্ণসহ তাদের মোট পদক ৯২টি। এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে আছে ভারত। তাদের অবস্থান চার নম্বরে। ২২ স্বর্ণ, ১৬ রূপা ও ২৩ ব্রোঞ্জে ভারতের মোট পদকসংখ্যা ৬১টি। পাঁচে আছে নিউজিল্যান্ড। ২০ স্বর্ণ, ১২ রূপা ও ১৭ ব্রোঞ্জসহ মোট ৪৯ পদক তাদের।
শেষ দিনে পুরুষ হকিতে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনালে অস্ট্রেলিয়া ৮-০ গোলে হারিয়েছে ভারতকে। কমনওয়েলথ গেমসে সবশেষ ইভেন্ট ফাইনালের স্বর্ণ জিতেছে মালয়েশিয়া। ব্যাডমিন্টন দ্বৈতে মালয়েশিয়া ২১-৫, ২১-৮ গেম সেটে হারায় ইংল্যান্ডকে। ছেলেদের দ্বৈত স্কোয়াশে স্বর্ণ ও রূপা দুটিই গেছে ইংলিশদের ঘরে। এবারের গেমস থেকে বাংলাদেশকে ফিরতে হচ্ছে খালি হাতেই। আগের গেমসে বাংলাদেশ দুটি রূপা জিতে পদক তালিকায় নাম উঠিয়েছিল। এবার মোট ৪৩টি দেশ পদক তালিকায় নাম উঠালেও বাংলাদেশ পারেনি।
