ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দিচ্ছে সরকার। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে অনুমোদন দিয়েছেন। এখন বিষয়টি গেজেটে প্রকাশ করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তাও চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই চিঠিতে বলা হয়, চার মেয়রকে এ পদমর্যাদা দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। বাকি আনুষ্ঠানিকতা সেরে গেজেট প্রকাশের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করা হয়েছে সেখানে। বর্তমানে এ চারজন নিয়ে দেশের ১২ সিটি মেয়রের মধ্যে ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করবেন। বাকি দুজন হলেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক এবং রাজশাহীর মেয়র এ এইচ এম খায়জ্জামান (লিটন)।
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা যান ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারির উপনির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন আতিকুল ইসলাম। তখনো তাকে মন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছিল। এরপর ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি পুনর্নির্বাচিত হন। ওই নির্বাচনেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হন সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।
প্রয়াত আনিসুল হক যখন ঢাকা উত্তরের মেয়র ছিলেন ২০১৬ সালে তখন তাকেও সরকার মন্ত্রীর পদমর্যাদা দিয়েছিল। সে সময় ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনও একই মর্যাদা পেয়েছিলেন।
তখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া হয়েছিল উপমন্ত্রীর পদমর্যাদা। এবার নতুন ঘোষণায় তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা পেতে যাচ্ছেন। এছাড়া ২০১৬ সালে রংপুর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টুকেও প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়।
সবশেষ ২০১৯ সালের ২৮ মে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামকে মন্ত্রী পদমর্যাদা এবং রাজশাহীর মেয়র খায়রুজ্জামান (লিটন) ও খুলনার মেয়র আব্দুল খালেককে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়।
