বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০১:৪০ এএম

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ২০২১ সাল থেকে দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করা হচ্ছে। সকালে আওয়ামী লীগের পক্ষে বনানী কবরস্থানে বেগম মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে তার রুহের মাগফিরাত কামনা করে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল হয়।

সকাল ৮টার দিকে বনানী কবরস্থানে বঙ্গমাতার সমাধিতে দলের নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তিনি কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা। পরে বঙ্গমাতার কবরে ফুল ছিটিয়ে দেন নেতারা।

আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, শাজাহান খান, আবদুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

পরে একে একে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বেগম মুজিবের জন্মদিন জাতীয়ভাবে পালন করা হয়। সোমবার মহিলা ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে জন্মদিন পালন করা হয়। দেশের পাঁচজন নারীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২২ প্রদান করা হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

দিনটি উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন উপকমিটি এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন পৃথক আলোচনা সভার আয়োজন করে। এসব সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় জাদুঘরে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির আয়োজনের ‘বাঙালির গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’ শীর্ষক আলোচনা সভা হয়। ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে ফলমূল, শাকসবজি ও মাষকলাইয়ের বীজ বিতরণ করা হয়। আজিমপুরের স্যার সলিমুল্লাহ এতিমখানায় খাদ্য বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আলোচনা সভা করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে ছাত্রী সমাবেশ করে ছাত্রলীগ। এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মৎস্যজীবী লীগ পৃথক আলোচনা সভা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত