জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা সমাবেশে লাঠিচার্জের পর বামপন্থি ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করা হয় বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার।
এদিকে শিক্ষার্থীদের মারধরের পর তাদের নামে মামলা দেওয়ার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। বিএনপিসহ আরও কয়েকটি দল এ ঘটনাকে জনগণের ওপর সরকারের জুলুমের আরেকটি নগ্ন প্রকাশ হিসেবে উল্লেখ করেছে।
শাহবাগ থানা সূত্র জানিয়েছে, মামলায় ‘পুলিশের কাজে বাধা দেওয়াসহ হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে গুরুতর রক্তাক্ত ও হাড়ভাঙা জখমের’ অভিযোগ আনা হয়েছে। তাতে বাম ছাত্রসংগঠনের ২১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, ছাত্র ইউনিয়নের একাংশের সহসভাপতি অনিক রায়কে এ মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দীন, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি তৌফিকা প্রিয়া, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সালমান সিদ্দিকী, ছাত্র ইউনিয়নের সদস্য শান্তা ও ছাত্র ফেডারেশনের জুবা মনি, সানি আবদুল্লাহ, জাবিল আহম্মেদ জুবেন, জাওয়াদ, বাঁধন, আদনান, শাহাদাত, ইভান, অনিক, দিয়া মল্লিক, তানজিদ ও তামজিদকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, রবিবার সন্ধ্যা পৌনে ৭টার সময় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা বিনা অনুমতিতে বেআইনিভাবে শাহবাগ মোড়ের পাকা রাস্তার ওপর বিক্ষোভ সমাবেশ করার নামে রাস্তা অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাদের রাস্তার যান চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ করে। কিন্তু আসামিরা অনুরোধ ও নিষেধ অমান্য করেন। এজাহারে থাকা আসামিরা মিছিল ও সেøাগানের মাধ্যমে হাতে লাঠিসোঁটা ও ইটপাটকেলসহ ভীতিকর পরিবেশ সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করে। তখন বিক্ষোভকারীরা লাঠিসোঁটা ও ইটের টুকরা দিয়ে পুলিশকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে মারধর করেন। আসামিদের লাঠির আঘাতে রমনা অঞ্চলের সহকারী কমিশনার বায়েজীদুর রহমান, সহকারী কমিশনার (প্যাট্রোল) বাহাউদ্দীন ভূঞা আহত হন।
ওসি জানান, ওই ঘটনায় থানার উপপরিদর্শক পলাশ সাহা বাদী হয়ে মামলাটি করেছেন।
গত শুক্রবার মধ্যরাত থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোলের ও অকটেনের দাম বাড়ায় সরকার। এর প্রতিবাদে রবিবার বামপন্থি কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে বাগ্বিতন্ডার একপর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। এতে বামপন্থি ছাত্রসংগঠনের প্রায় ২৫ জন নেতাকর্মী আহত হন।
এদিকে ছাত্রসংগঠনগুলোর ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিপেটার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। তারা হামলাকারীদের চিহ্নিত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
গতকাল এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, জনগণের বিরুদ্ধে জুলুমের আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ রবিবার শাহবাগে বাম ছাত্রসংগঠনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের অমানবিক হামলা এবং অসংখ্য ছাত্রকে আহত করা। মূলত গণআন্দোলনের ভয়ে অবৈধ সরকার কর্র্তৃক এখন জুলুমের বৈচিত্র্যময় বিন্যাস দেখা যাচ্ছে। এ ঘটনায় আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেশবাসী শঙ্কিত।
হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ছাত্রসমাজ তাদের অর্পিত দায়িত্ব হিসেবে যখন এ ন্যায্য দাবি নিয়ে সোচ্চার হয়েছে, বিনা উসকানিতে রাষ্ট্রীয় বাহিনী ও লাঠিয়াল বাহিনীর এ হামলা ন্যক্কারজনক ঘটনা। বিবৃতিতে হামলাকারীদের চিহ্নিত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যৌথ বিবৃতিতে বলেন, রবিবার সন্ধ্যায় জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক পুলিশি নির্মম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
