টুঙ্গিপাড়ায় পুনাকের ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০১:৫১ এএম

‘এক বছর ধরে নানা অসুখে ভুগছি। স্বামী সামান্য কৃষিকাজ করে। যা আয় হয় তা দিয়ে সংসার চালানোই মুশকিল, ডাক্তার দেখাব কী দিয়ে। এখানে বিনামূল্যে ডাক্তার দেখবে এবং ওষুধ দেবে শুনে এসেছি।’ এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলছিলেন গিমাডাঙ্গার ৫৫ বছর বয়সী আম্বিয়া বেগম। শুধু আম্বিয়া বেগমই নন, তার মতো অনেক নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে এসেছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে পুনাক গতকাল সোমবার দিনব্যাপী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। পুনাক সভানেত্রী জীশান মীর্জা ক্যাম্পের উদ্বোধন করেন। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পুনাক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে পুনাক সভানেত্রী জীশান মীর্জা বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা দ্বিতীয়বারের মতো টুঙ্গিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। 

পুনাক সভানেত্রী জীশান মীর্জা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি সেখানে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত