প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সিরাজগঞ্জের বেলকুচিতে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যা মামলায় সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১০ আগস্ট) সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সঞ্জয় চন্দ্র সরকার বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের মঙ্গল সরকারের ছেলে।
আদালত জানায়, শোলাকুড়া গ্রামের পবিত্র সরকারের মেয়ে পূজা সরকারকে (১৪) স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো বখাটে সঞ্জয়। এক সময় নবম শ্রেণিতে পড়ুয়া পূজাকে প্রেমের প্রস্তাব দেয় সঞ্জয়। পূজা ওই প্রস্তাব প্রত্যাখান করায় সঞ্জয় চন্দ্র সরকার ক্ষিপ্ত হন। পরে ২০২১ সালের ৩ মে সঞ্জয় চন্দ্র সরকার পূজা সরকারের বাড়িতে যায়। এক পর্যায়ে তিনি পূজা সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।
এরপর পূজার বাবা পবিত্র সরকার বাদী হয়ে থানায় সঞ্জয় চন্দ্র সরকারের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ সঞ্জয় চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে এবং আদালতে তদন্ত শেষে চার্জশিট দেয়। পরে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত দায়ী সঞ্জয় সরকারকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষে মামলার শুনানি করেন পিপি অ্যাড. আব্দুর রহমান।
