জয়পুরহাটে মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৫:২১ পিএম

জয়পুরহাটে হেরোইনসহ আটকের মামলায় নাজমুল হোসেন নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 

বুধবার (১০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মো. গোলাম সরোয়ার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের ইউসুফ আলী মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৯ জানুয়ারি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। এসময় ৫৫ গ্রাম হেরোইনসহ নাজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত থেকে জামিন নিয়ে নাজমুল পালিয়ে ছিল। এরপর চলতি বছরের গত ২৪ জুলাই তাকে জামালগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরের দিন আদালতে পাঠানো হয়। এরপর তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত