দুর্ঘটনায় সাবেক আম্পায়ারের মৃত্যু

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০১:২২ এএম

আইসিসির সাবেক এলিট আম্পায়ার দক্ষিণ আফ্রিকান আম্পায়ার রুডি কুর্টজেন আর নেই। সড়ক দুর্ঘটনায় ৭৩ বছর বয়সে মারা গেছেন তিনি। মঙ্গলবার গলফ খেলতে বন্ধুদের সঙ্গে কেপটাউনে গিয়েছিলেন। নিজ  শহর ডেসপাচে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে কুর্টজেনের গাড়ি। ২০১০ সালে আম্পায়ারিং থেকে অবসরে যাওয়ার আগে কুর্টজেন ৩৩১টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। ওই সময়ে যা ছিল রেকর্ড। পরে পাকিস্তানের আলিম দার ভেঙে দেন রেকর্ডটি। ইতিহাসে অন্তত একশ টেস্টে আম্পায়ারিং করা তিন আম্পায়ারের একজন কুর্টজেন। অন্য দুজন আলিম দার ও উইন্ডিজের স্টিভ বাকনার।

স্বচ্ছ আম্পায়ার হিসেবে পুরস্কৃত হয়েছিলেন কুর্টজেন। ১৯৯৯ সালে সিঙ্গাপুরে ভারত-উইন্ডিজের একটি ম্যাচে বাজিকরদের চাওয়া মতো সিদ্ধান্ত দেওয়ার প্রস্তাব এসেছিল তার কাছে। এর জন্য মোটা টাকাও প্রস্তাব করা হয় কুর্টজেনকে। সেই ঘুষ ফিরিয়ে দেওয়ায় পরে পুরস্কৃত হয়েছিলেন তিনি। আবার ২০০৭ বিশ্বকাপের ফাইনালে বার্বাডোজে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।

আলোকস্বল্পতা নিয়মের ভুল করে প্রায় অন্ধকারে খেলা চালানো হয়েছিল। বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হওয়ার কারণে ম্যাচ অফিশিয়ালরা সমালোচিত হয়েছিলেন এবং আইসিসি শাস্তিও দিয়েছিল। ওই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বরখাস্ত করা হয়েছিল কুর্টজেনকে। মাঠে আউটের সিদ্ধান্ত দেওয়ার সময় ধীরে ধীরে আঙুল তুলতেন বলে কুর্টজেনের ডাক নাম হয়ে গিয়েছিল ‘স্লো ডেথ।’ অবসরের পর একটি বই লেখেন তিনি। নাম দেন, ‘স্লো ডেথ : মেমোরিস অব আ ক্রিকেট আম্পায়ার।’ সবশেষ কুর্টজেনকে মাঠে দেখা গিয়েছিল ২০১১ সালের আইপিএলে। বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস ম্যাচটিই আম্পায়ার হিসেবে তার শেষ ম্যাচ হয়ে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত