মা মেয়ে মিলে কোরিওগ্রাফি করেছি

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০১:৪০ এএম

প্রখ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শর্মিলা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে হাজির হবেন ‘পশ্চিমের রবি’ নিয়ে। এ নিয়ে তার সঙ্গে কথা বলেছেন রণ

পশ্চিমের রবি...

এটা একটি বিশেষ আয়োজন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের দেশে নানা ধরনের আয়োজন হয়। কিন্তু এবার যে আইডিয়াটি নিয়ে আমর কাজ করছি, আমার জানা মতে তা নিয়ে এ দেশে আগে কাজ হয়নি। অনেকেই জানেন, রবীন্দ্রনাথ বিশে^র বিভিন্ন প্রান্তের গানের সুরে অনুপ্রাণিত হয়ে তার গান রচনা করেছেন। যাকে আমরা বলি ‘ভাঙা গান’। এর আগে আমি এটা নিয়ে একটি কাজ করেছিলাম। তবে সেটি ছিল ভারতের বিভিন্ন প্রদেশের সুর থেকে অনুপ্রাণিত হয়ে তিনি যে গানগুলো করেছেন সেখান থেকে কিছু নির্বাচন করে তার সঙ্গে নৃত্য পরিবেশন। আর এবারের ‘পশ্চিমের রবি’ আলেখ্যটি একেবারেই আলাদা। এবার আমরা কাজ করছি কবি যে গানগুলো রচনা করেছেন ওয়েস্টার্ন মিউজিক থেকে অনুপ্রাণিত হয়ে সেগুলো নিয়ে। আশা করছি আমাদের নতুন ধারার এই প্রয়াস দর্শকের ভালো লাগবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

আয়োজনে...

আগামীকাল সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠানটি হবে। আনন্দধারা আর্টস ভৌগোলিক গন্ডি ছাড়িয়ে সারা বিশ্বে বাঙালি সংস্কৃতির নির্যাস পৌঁছে দেওয়ায় অঙ্গীকারবদ্ধ। ২০০৪ সালে শুরু হওয়া দলটি মূলত রবীন্দ্রসংগীত চর্চা করলেও বাংলা গানের অন্যান্য ধারার সযত্ন চর্চায়ও নিয়োজিত। বিদেশের মাটিতে ভালো গান শোনার ব্যবস্থা করা এবং শ্রোতা তৈরি করার পাশাপাশি শিশুদের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির ধারাকে অক্ষুন্ন রাখতে স্কুলের কার্যক্রমও শুরু করেছে। আনন্দধারা আর্টস গান বিষয়ক ষাণ¥াসিক সাময়িকী ‘সংগীত মনন’ প্রকাশ শুরু করেছে। এর সম্পাদক ইমতিয়াজ আহমেদ একাধারে রবীন্দ্রসংগীত শিল্পী ও ক্যানসার বিশেষজ্ঞ হিসেবে লন্ডনে কর্মরত।

পরিবেশনা...

বিলেতি গান, রবীন্দ্রনাথের পশ্চিমা সুরাশ্রিত গান, পাঠ ও নৃত্যের সমন্বয়ে ‘পশ্চিমের রবি’ আয়োজনটি। যেসব ওয়েস্টার্ন গান থেকে করিগুরু অনুপ্রাণিত হয়ে লিখেছেন, সেই মূল গান ও রবীন্দ্রনাথের গানÑ দুটিই পরিবেশন করবে আনন্দধারা আর্টস। তার সঙ্গে আমার পরিচালনায় নৃত্য নন্দনের শিল্পীরা নৃত্য পরিবেশন করবে। নৃত্য নন্দনের নাচগুলো মূলত আমিই কোরিওগ্রাফ্রি করি। তবে এবার সেখানেও বৈচিত্র্য থাকছে। আমার মেয়ে নৃত্যশিল্পী সুদেষ্ণা স্বয়ম্প্রভা তাথৈও কোরিওগ্রাফি করেছে। মূলত এবারের আয়োজনে রাবীন্দ্রিক, মনিপুরীর পাশাপাশি ওয়েস্টার্ন গানের সঙ্গে কিছু ওয়েস্টার্ন ড্যান্স ফর্মও তুলে ধরা হবে। সেই অংশটি তাথৈ কোরিওগ্রাফি করেছে। মা মেয়ে মিলে কোরিওগ্রাফি করেছি, এটাও আমাদের জন্য বেশ আনন্দের বিষয়। সংগীত পরিবেশন করবেন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী ও সংগঠক ইমতিয়াজ আহমেদ, পশ্চিমা সংগীত পরিবেশন করবেন  উর্বি মধুরা, পূর্বা অধরা। আবৃত্তি ও পাঠ করবেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও প্রখ্যাত আবৃত্তি শিল্পী রাশেদ হাসান। নৃত্য পরিবেশন করবেন নৃত্যনন্দনের শিল্পীরা। অনুষ্ঠানটির পরিকল্পনা ও সংগীত পরিচালনা করেছেন ইমতিয়াজ আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত