ইমরানের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০২:০৫ এএম

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী শাহবাজ গিলকে রাষ্ট্রদোহের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার আদালতের আদেশে তাকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দেশটির সংবাদভিত্তিক টিভি চ্যানেল এআরআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলায় তাকে গ্রেপ্তার করা হয়।

একই অভিযোগে ওই টিভি চ্যানেলের সম্প্রচারও বন্ধ করে দেয় পাকিস্তানের মিডিয়া বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা।  

গত মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অভিজাত এলাকা বানিগালা চক থেকে পুলিশের একটি দল শাহবাজকে গ্রেপ্তার করে বলে টুইটার পোস্টে জানায় ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।     

টুইটারে লেখা হয় ‘সোমবার এআরআই’র সম্প্রচার বন্ধ করার পর মঙ্গলবার তারা শাহবাজ গিলকে গ্রেপ্তার করেছে। পাকিস্তান একটি আমদানি করা ফ্যাসিবাদী সরকারের অধীনে রয়েছে। এ সরকার মানবাধিকার, জনগণের অধিকারের তোয়াক্কা করে না। আমরা অবিলম্বে শাহবাজ গিলের মুক্তি দাবি করছি।’

পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ফাওয়াদ চৌধুরী গিলের গ্রেপ্তারকে ‘অপহরণ’ আখ্যা দিয়ে নিজের টুইটারে লিখেন, ‘একদল লোক বানিগালা চক থেকে শাহবাজ গিলকে অপহরণ করেছে। যে গাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেটির নাম্বার প্লেট ছিল না।’

তবে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণকে উসকানি দেওয়ার অভিযোগে শাহবাজ গিলকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং তথ্যমন্ত্রী মারিয়ুম আরঙ্গজেব। 

সেখানে রানা সানাউল্লাহ বলেন, ‘গিল যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তিনি পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বিদ্রোহ করার প্ররোচনা দিচ্ছেন’।  

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ইমরান খান টুইটারে লিখেন, ‘এটা গ্রেপ্তার নয়, বরং অপহরণ। কোনো গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এমন লজ্জাজনক ঘটনা ঘটতে পারে? একদিকে রাজনৈতিক কর্মীদের শত্রু বলে বিবেচনা করা হচ্ছে, অন্যদিকে বিদেশি মদদপুষ্ট এই জালিয়াতদের সরকারকে মেনে নিতে সবাইকে বাধ্য করা হচ্ছে।’

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে জানানো হয়, সোমবার এআরআই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শাহবাজ গিল দাবি করেন, গত এপ্রিলে পার্লামেন্টের আস্থা ভোটে ইমরান খানের হেরে যাওয়া ও প্রধানমন্ত্রীর পদ হারানোর জন্য দেশটির সেনাবাহিনীর মধ্যকার অন্তর্দ্বন্দ্ব দায়ী। এই মন্তব্য করার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হন তিনি।   

শাহবাজ গিলের সাক্ষাৎকারের জেরে সোমবারই দেশজুড়ে এআরআই নিউজ চ্যানেলের সম্প্রচারে স্থগিতাদেশ দেয় পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এআরআইকে সম্প্রচার বন্ধ রাখতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত