ঢাকার রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের সম্পদের বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামী ২১ আগস্ট পর্যন্ত মুলতবি রেখেছে উচ্চ আদালত। এ সময়ের মধ্যে আবেদনকারীকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ বিষয়ক অভিযোগ দিতে বলেছে হাইকোর্ট।
গতকাল বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালত বলেছে, দুদক এ বিষয়ে ব্যবস্থা না নিলে তখন হাইকোর্ট বিষয়টি দেখবে।
ওসি মনিরুলের বিপুল সম্পদ ও জমিদখল নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গতকাল হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।
আবেদনে মনিরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের জন্য পুলিশের মহাপরিদর্শকের প্রতি নির্দেশনার আরজির পাশাপাশি তার বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার সম্পত্তি দখল, অবৈধভাবে সম্পদ অর্জন ও পেশাগত দায়িত্ব পালনে অবহেলা প্রশ্নে রুল চাওয়া হয়।
শুনানিতে আবেদনকারী আইনজীবী পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উল্লেখ করে বলেন, ‘ঢাকার একটি গুরুত্বপূর্ণ থানার ওসির এত সম্পদ কোথা থেকে আসে? তার বেতন-ভাতার সঙ্গে তার অর্জিত সম্পদের হিসাব বেমানান। তার বিরুদ্ধে একজন মুক্তিযোদ্ধার বাড়িদখলের অভিযোগও রয়েছে। কেরানীগঞ্জ ও বসিলায় তার সম্পদের খবর পাওয়া গেছে। বিষয়টিরও সুরাহা হওয়া প্রয়োজন।’
এ বিষয়ে রিটকারী দুদকে কোনো অভিযোগ দিয়েছেন কি না আদালত তা জানতে চায়। আইনজীবী তখন হাইকোর্টের হস্তক্ষেপ চান।
