আগস্টের ১০ দিনে রেমিট্যান্স এলো ৮১ কোটি ডলার

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১১:৩৩ পিএম

চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২০ শতাংশেরও বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত ৮১ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের আগস্ট মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছিল ৬৭ কোটি ৫০ লাখ ডলার।

সেই হিসেবে আলোচিত ১০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২০ দশমিক ৪০ শতাংশ। এ আগে গত জুলাই মাসে ২০৯ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স আসে দেশে। যা এর আগের বছরের একই মাসে আসা রেমিট্যান্সের তুলনায় ১২ শতাংশ বেশি ছিল।

প্রাপ্ত তথ্যে আরও দেখা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের ১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে ২৯১ কোটি ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৩০ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরের ১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি ৭০ লাখ ডলার।

এছাড়া গত জুলাই মাসে রপ্তানিও বেড়েছে ১৫ শতাংশ। পাশাপাশি বেশি করে রেমিট্যান্স আসায় বর্তমানে বিদেশি মুদ্রার রিজার্ভও কিছুটা স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে গ্যাস ও সার আমদানির জন্য ১২ কোটি ২০ লাখ ডলার ব্যাংকগুলোকে সরবরাহ করা হয়েছে। গত জুলাই থেকে আগস্টের ১০ তারিখ পর্যন্ত ব্যাংকগুলোকে ১৭২ কোটি ৫৪ লাখ ডলার সরবরাহ করা হয়েছে।’

এরপরও বিদেশি মুদ্রার রিজার্ভে ৩ হাজার ৯৫৯ কোটি ডলার মজুদ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, সম্প্রতি আমদানি ঋণপত্র খোলাও কমেছে। আগস্টের প্রথম ১১ দিনে ১৬১ কোটি ডলারের আমদানি ঋণপত্র খোলা হয়েছে ব্যাংকগুলোতে। গত জুলাই মাসের প্রথম ১১ দিনে আমদানি ঋণপত্র খোলা হয় ২৫৫ কোটি ডলারের। সেই হিসেবে চলতি আগস্টে আমদানি ঋণপত্র খোলা কমেছে প্রায় ৩৬ শতাংশ। আর জুনের প্রথম ১১ দিনে আমদানি ঋণপত্র খোলার পরিমাণ ছিল ২৩৩ কোটি ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত