সুপার কাপ দিয়ে মৌসুম শুরু রিয়ালের

আপডেট : ১২ আগস্ট ২০২২, ১২:১৩ এএম

চ্যাম্পিয়নস লিগ জিতে গত মৌসুম শেষ করেছিল রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুম শুরু করল উয়েফা সুপার কাপ জিতে। হেলসিংকিতে বুধবার ইউরোপা লিগ জয়ী আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ডেভিড আলাবা ও করিম বেনজেমার গোলে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। ২০১৭ সালের পর আবার সুপার কাপ জিতে সর্বোচ্চ পাঁচবার এই ট্রফি জয়ী বার্সেলোনার পাশে বসল লস ব্লাঙ্কোসরা।

দলবদলে অরেলিয়াঁ চুয়ামেনি, অ্যান্টনিও রুডিগারদের নিয়ে আসা হয়েছে রিয়ালের শক্তি বাড়াতে। কিন্তু কোচ আনচেলত্তি শুরুর একাদশে তাদের রাখেননি। আইনট্রাখটের বিপক্ষে আনচেলত্তি নামিয়েছেন গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের একাদশই।

হেলসিংকির অলিম্পিক স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে বেশি আগ্রাসী ছিল আইনট্রাখট। ১৩ থেকে ১৭ মিনিটের মধ্যে তিনটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফ্রাঙ্কফুর্ট। দুবার তাদের হতাশ করেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। উল্টো ৩৭ মিনিটে আলাবার গোলে এগিয়ে যায় রিয়াল। উয়েফা সুপার কাপে প্রথম অস্ট্রিয়ান হিসেবে গোল করলেন আলাবা। ৬৫ মিনিটে গোল করেন করিম বেনজেমা।

এই গোলে রাউল গঞ্জালেসকে (৩২৩) টপকে রিয়ালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন বেনজেমা। রিয়ালে ৩২৪ গোল হয়ে গেছে তার। ৪৫০ গোল নিয়ে শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচ কার্লো আনচেলত্তি ব্যালন ডি’অর দেখতে পাচ্ছেন বেনজেমার হাতে। ‘বেনজেমা রিয়ালের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে দলের নেতাও। আজ দল যে জায়গায়, তাতে বেনজেমার অবদান অনেক। সে গত মৌসুমে অনেক গোল করেছে। এ মৌসুমে শুরুটাও দুর্দান্ত করেছে। আমি তো মনে করি, এবারের ব্যালন ডি’অরটা ও-ই (বেনজেমা) পাচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।’

কোচ আনচেলত্তিরও মাইলফলক হয়েছে। সর্বোচ্চ চারটি উয়েফা সুপার কাপজয়ী প্রথম কোচ তিনি। এসি মিলানের কোচ হিসেবে ২০০৩ ও ২০০৭ সালে এবং রিয়ালের হয়ে এর আগে ২০১৪ সালে শিরোপা জিতেছিলেন তিনি। তিনটি উয়েফা সুপার কাপ জিতেছেন পেপ গার্দিওলা।

আগামীকাল আলমেরিয়ার সঙ্গে ম্যাচ দিয়ে লা লিগা মৌসুম শুরু করতে যাচ্ছে রিয়াল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত