বর্ণবাদের শিকার রস টেইলর

আপডেট : ১২ আগস্ট ২০২২, ১২:১৬ এএম

নিউজিল্যান্ডের ড্রেসিংরুমে বর্ণবাদের শিকার হয়েছেন রস টেইলর। ১৬ বছরে ১১২ টেস্ট আর ২৩৬ ওয়ানডে খেলে এপ্রিলে অবসর নেওয়া সাবেক কিউই অধিনায়ক আত্মজীবনীতে ‘রস টেইলর-ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এ এই বোমা ফাটিয়েছেন। তার এই অভিযোগ হইচই ফেলে দিয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) অভিযোগের তদন্ত শুরু করেছে। আত্মজীবনীতে টেইলর নিউজিল্যান্ড ক্রিকেটকে ‘সাদাদের খেলা’ বলেও উল্লেখ করেন, ‘নিউজিল্যান্ডে ক্রিকেট সাদাদের খেলা। ক্যারিয়ারে বেশির ভাগ সময় দলে আমি যেন বাকিদের চেয়ে আলাদা ছিলাম, যেন ভ্যানিলা (সাদা ফুল) লাইনআপে বাদামি মুখ।’ টেইলরের আত্মজীবনী গতকাল প্রকাশিত হয়েছে। তার কিছু অংশ দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ডে প্রকাশিত হয়েছে। ‘ড্রেসিংরুমের টিপ্পনী অনেকভাবেই চাপ বিস্তার করত। এক সতীর্থই আমাকে বলত ‘রস, তুমি অর্ধেক ভালো মানুষ। কিন্তু কোন অর্ধেকটা ভালো? আমি কী বোঝাচ্ছি সেটা তুমি জানো না।’ কিন্তু আমি বুঝে নিতাম। জাতিগত বিষয় নিয়ে এমন সব কথা অন্য খেলোয়াড়দেরও মেনে নিতে হয়েছে। একজন পাকেহা (নিউজিল্যান্ডের সাদা চামড়ার মানুষ) এসব শুনে ভাবত ওহ, এসব তো স্রেফ ঠাট্টামশকারা। কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিটা সাদা চামড়ার মানুষ হিসেবে, আর এসব কথা তাদের শুনতে হয় না। তাই কোনো প্রতিবাদ হতো না, কেউ শুধরে দিত না।’ রসের বাবা নিউজিল্যান্ডের, কিন্তু মা সামোয়া জনগোষ্ঠীর। নিউজিল্যান্ড ক্রিকেট দলে সামোয়া বংশোদ্ভূত দ্বিতীয় খেলোয়াড় ছিলেন টেইলর। ইন্টারনেট

×
সর্বশেষ সর্বাধিক পঠিত