জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকারীদের বিচার হলেও এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী ও কুশীলব কারা, তা উদঘাটনের তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এন এম বসির উল্লাহর লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান বিচারপতি।
বিচারপতি এ এন এম বসির উল্লাহর লেখা ‘বিচারক জীবনের কথা’ বইটির এ প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি বোরহান উদ্দীন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক, গবেষক সৈয়দ আনোয়ার হোসেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি, কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
প্রধান অতিথির বক্তব্যে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘বাঙালিরা কি আসলেই মানুষ হয়েছে? পঁচাত্তরের ঘটনায় কি মনে হয় আমরা বাঙালিরা মানুষ হয়েছি? কারণ বঙ্গবন্ধুকে যারা গুলি করেছে তারা বাঙালি। বঙ্গবন্ধুকে সামনে থেকে যারা গুলি করেছে তারা স্বীকার করেছে যে, আমরা খুন করেছি। প্রশ্ন হচ্ছে, শুধু কি তারাই এর সাথে জড়িত?
