বাংলাদেশের অর্থনীতি কঠিন সময় পার করছে। চলমান অর্থনৈতিক দুর্যোগ ২০২৪ সালের আগে কাটবে না বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, উচ্চ প্রবৃদ্ধির দেশে দরিদ্র সরকার গত ১০ বছরে নিজের আর্থিক সংস্থান নিশ্চিত করেনি, যার অনিবার্য পরিণতি ভোগ করছে দেশ। যে কারণেই অর্থনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে বলা হোক না কেন, ২০২৪ শেষ হওয়ার আগে এই দুর্যোগ কাটবে না। বৈশ্বিক পরিস্থিতি বর্তমান রোগের একটি উপসর্গ মাত্র। আসল রোগ হলো বাংলাদেশের আর্থিক খাতের যথাযথ সংস্কার হয়নি।
সিপিডির সম্মানিত এই ফেলো বলেন, সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে একদিকে অপরাধ করেছে। অন্যদিকে দুর্নীতিকারী, ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। যা একটি দেশের অর্থনীতির জন্য ভালো লক্ষণ নয়।
আর্থিক খাতের দুর্বলতাকে খলনায়ক উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের আর্থিক খাতের যথোপযুক্ত সংস্কার না করার কারণেই দেশের জন্য এখন বড় খলনায়ক। আর্থিক খাতে সংস্কার করার ক্ষেত্রে যদি প্রবৃদ্ধির সমন্বয় করা হতো তাহলে এ অবস্থার তৈরি হতো না। ব্যবস্থাগত উন্নতির মাধ্যমে এ সময় সংকট মোকাবিলা সম্ভব বলেও জানান তিনি।
কিনি আরও বলেন, বর্তমানে দেশে যে সংকট চলছে তা মোকাবিলায় আগামী দুই বছরের পরিকল্পনা করতে হবে। এটার ফলে যে কষ্টগুলো আসবে তা মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। যেসব দেশে সরকারের ব্যয়ে স্বচ্ছতা আছে, সেসব দেশে কর দিতে জনগণকে বেশি উৎসাহিত করে। কিন্তু আমাদের দেশে এ স্বচ্ছতা নেই, যার কারণে জনগণ কর দিতে চায় না।
