ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) এর নির্বাহী কমিটির সদস্য হাসান মিসবাহ’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশ হয়। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য গোলাম মুর্তজা ধ্রুব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, হেলথ রিপোর্টার্স ফোরামের আয়নাল হোসেন, জান্নাতুল ফেরদৌস কেকা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মোজ্জাম্মেল কমল।
সমাবেশ পরিচালনা করেন হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক হাসান সোহেল।
হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি বলেন, হাসান মিসবাহ'র ওপর হামলাকারী চিকিৎসকের বিএমডিসির সনদ বাতিল করতে হবে। ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে ওই চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করা না হলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সামনে কর্মসূচি পালন করা হবে। তাতেও দাবি আদায় না হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে কর্মসূচি পালন করা হবে।
গত মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনস্টিক সেন্টারে বিএমডিসি'র সনদ ছাড়াই রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এমন খবর নিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবাহ’র ওপর হামলা চালায় ওই হাসপাতালের সংশ্লিষ্টরা। এসময় তার ক্যামেরাম্যান ও গাড়ি চালককে মারধর করে ক্যামেরা ও গাড়ি ভাঙচুর করা হয়। বর্তমানে হাসান মিসবাহ রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
