সমাবেশে ফখরুল

দেশি-বিদেশি চাপে পড়ে ভদ্র হয়েছে সরকার

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৬:০৬ এএম

নির্বাচন সামনে রেখে সরকার বিদেশি চাপে আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছুদিন ধরে বিএনপির বিক্ষোভ সমাবেশে কোনো ঝামেলা করছে না। আসলে তারা দেশি-বিদেশি চাপে পড়ে এখন ভদ্র হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের আগে বিভিন্ন দেশের চাপ, বিভিন্ন চাপ যে-তোমরা বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দাও না। এমন অবস্থায় তারা বাধ্য হয়ে বিএনপিকে সভা-সমাবেশ করতে দিচ্ছি। গত বৃহস্পতিবারও আমরা সমাবেশ করেছি, খুব বেশি ঝামেলা করেনি। আজকেও চারদিকে পুলিশ আছে, কিন্তু ঝামেলা করছে না। কারণ, তারা দেখাচ্ছে, আমরা তো গণতান্ত্রিক দল, আমরা কোনো ঝামেলা করি না। এগুলো প্রতারণা। এই প্রতারণা তাদের চরিত্রের সঙ্গে জড়িয়ে।’

সম্প্রতি ভোলায় বিনা কারণে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘গত ১৫ বছরে সরকার ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বিএনপির ৬শ’র বেশি নেতাকর্মীকে গুম করেছে। সহস্রাধিক নেতাকর্মীকে তারা হত্যা করেছে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে।’

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার পুরোপুরি ডাকাতি এবং চুরি করছে। এ সরকার পাকিস্তানি হানাদার বাহিনীর মতো অবস্থান নিয়েছে। তাদের সঙ্গে সরকারের কোনো পার্থক্য নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘ব্যাংকগুলো খালি হয়ে গেছে। কিছুদিন আগে সরকার সিঙ্গাপুর, মালয়েশিয়ার স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু এখন রিজার্ভ কমছে। সরকার এখন দেশ-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের কাছে ঋণ চেয়ে বেড়াচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বে জ্বালানির দাম কম, কিন্তু দেশে দাম বাড়ছে। সরকার তাহলে সমন্বয় কীভাবে করছে?’

বিএনপি মহাসচিব বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জালিয়াতির মেশিন। আওয়ামী লীগ নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ৩০০ আসনেই ইভিএম চেয়েছে। এই মেশিন তারা চেতনায় ধারণ করে। কারণ ইভিএম মেশিন ছাড়া তাদের ক্ষমতায় যাওয়ার কোনো উপায় নেই। ভোট দেবেন ধানের শীষে, ভোট চলে যাবে নৌকায়। এ কারণেই তারা ইভিএম মেশিন চায়।’ তিনি দাবি করেন, এর আগে আওয়ামী ২০১৪ সালে একতরফা নির্বাচন করেছে এবং ২০১৮ সালে দিনের ভোট রাতে করে ক্ষমতা দখল করেছে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচনব্যবস্থা নিয়ে তারা আবারও নতুন করে পাঁয়তারা করছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, দলের ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির আহ্বায়ক আবদুস সালাম, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত