সৈকতের ঝাউবন থেকে সরল ১১৭ বস্তা প্লাস্টিক বর্জ্য

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৬:০৭ এএম

কক্সবাজার সমুদ্রসৈকতের পাশে গড়ে ওঠা ঝাউবন থেকে ১১৭ বস্তা প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘ইউথ কনজারভেশন ক্রপ ফিল্ড কো-অর্ডিনেটর আয়োজিত পরিচ্ছন্নতার অংশ হিসেবে এসব বর্জ্য অপসারণ করা হয়।

গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী পরিবেশ সচেতনতামূলক আয়োজনের অংশ হিসেবে ১২০ জন যুবক ওই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। সকালে সৈকতের কবিতা চত্বর থেকে শুরু করে শৈবাল বিচ পর্যন্ত পরিষ্কার করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় কক্সবাজার সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম আনোয়ারুল হক ও ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা, স্থানীয় উন্নয়ন সংস্থা ইপসা, এআইট এবং গ্রিন সেভার্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ওয়াইসিসির ফিল্ড কো-অর্ডিনেটর রাকিম কিশোর বলেন, ‘আন্তর্জাতিক যুব দিবসে সকালে সমুদ্রসৈকতের কবিতা চত্বর থেকে শৈবাল পয়েন্টের ঝাউবাগানে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এতে ১১৭ বস্তা প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়। পরে বিকেলে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী মোড় পর্যন্ত র‌্যালি ও সাক্ষরতা অভিযান শুরু হয়।

‘ইউএস ফরেস্ট সার্ভিস’ ও ‘ইউএসএআইডি’ যৌথ উদ্যোগে কক্সবাজার ও বান্দরবানের তরুণ-তরুণীদের নিয়ে কাজ করছে। তিন বছর ধরে স্থানীয় উন্নয়ন সংস্থা ইপসা, এআইট ও গ্রিন সেভার্সের সহযোগিতায় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণসহ কারিগরি দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দিচ্ছে। সাধারণত ১৮-২৪ বছর বয়সী সুবিধাবঞ্চিত এবং পড়াশোনাবঞ্চিত তরুণ-তরুণীর প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত