পেশাগত দায়িত্ব পালনকালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবাহর ওপর হামলায় নেতৃত্ব দেওয়া চিকিৎসক, সহায়তাকারী পুলিশের এসআইর শাস্তি এবং অবৈধ ক্লিনিক স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নেতারা।
গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে সাংবাদিক হাসান মিসবাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ দাবি জানান। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) এই সমাবেশের আয়োজন করে।
ফোরামের সভাপতি রাশেদ রাব্বি বলেন, একশ্রেণির মানুষ সাংবাদিক নির্যাতন করে অনুসন্ধান বন্ধ করতে চায়। সত্যকে মাটিচাপা দিতে চায়। তারা দেশ ও জাতির শত্রু।
কামরাঙ্গীরচরে অনুমোদন ছাড়া অবৈধ ক্লিনিক চালু রয়েছে এমন তথ্য অনুসন্ধান করতে গিয়ে আমাদের সহকর্মী হাসান মিসবাহ হাসপাতালের মালিক ডা. এইচ এম ওসমানীর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
আমরা আশ্চার্য হয়েছি সাংবাদিক আক্রান্ত হওয়ার পর পুলিশের সহায়তার পরিবর্তে কামরাঙ্গীরচর থানার এসআই নিজেই সাংবাদিক নির্যাতনে অংশ নেন। জনগণের সেবক পুলিশ নিজেই হামলায় জড়িয়ে পড়েন। আমরা সেই এসআইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
