টার্গেট তারাই হয় যারা প্রতিরোধ করে: শামীম ওসমান

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১১:২৫ এএম

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, জেনেই বলছি, কারণ আমি ভুক্তভোগী। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র করার জন্য দেশের বাহিরে কাজ করছে কিছু মানুষ। বাহিরের দেশ থেকে আসা কিছু শক্তিকে তারা ব্যবহার করছে। দেশের ক্ষতিতে সে সব রাজনীতিবিদ খুশি হয়, যারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে। বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা চালানোর চেষ্টা করা হয়। কারা এই দাঙ্গা চালানোর চেষ্টা করে? টার্গেট তারাই হয় যারা বুঝে বেশি। যারা প্রতিরোধ করে বেশি। 

তিনি বলেন, ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ অতীতেও ভূমিকা রেখেছে, এখনো রাখছে। নারায়ণগঞ্জ ভবিষ্যতে ব্যাপক পরিসরে ভূূমিকা রাখবে। যারা ষড়যন্ত্র করে ভাবছেন সফল হবেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরাও জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। জবাব সামনে খুব কঠিনভাবে দেওয়া হবে। আমাদের সাথে কেউ কেউ মিলেমিশে আছেন, কারো ছত্র ছায়ায় আছেন। যত গভীর গর্তেই ঢুকেন না কেন গর্তে হাত ঢুকিয়ে বের করা হবে। যেন আগামী দিনের ভবিষ্যতকে আমাদের মতো আফসোস করতে না হয়। 

শুক্রবার (১২ আগস্ট) নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের পাশে এলজিইডি কার্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এমপি শামীম ওসমান ও এলজিইডির কর্মকর্তাগণ।

শামীম ওসমান বলেন, যারা বাংলাদেশে বসে প্রগতিশীল কথা বলছে, তারা চরম প্রতিক্রিয়াশীলদের সঙ্গে ওখানে বসে মিটিং করছেন। ইউরোপীয়ান কান্ট্রি ও মধ্যপ্রাচ্যের বাংলাদেশি কিছু লোক মিলে ওখানে টাকা কালেকশন করছেন। প্রচুর টাকা, তার মধ্যে একটা অংশের টাকা বাংলাদেশে ঢুকে গেছে। এ টাকাগুলো জোগাড় হচ্ছে ১৬ জুনের মতো বোমা হামলার ঘটনা ঘটানোর জন্য। ভেতরে ও বাইরে। একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা হচ্ছে। একটা সন্ত্রাসী কার্যকলাপ চালানোর চেষ্টা হচ্ছে। 

তিনি আরও বলেন, আগামী ১ থেকে ৪ মাসের মধ্যে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র প্রমাণের জন্য প্রচণ্ড গতিতে তারা এমনকি বাইরের দেশ থেকে এসে আশ্রয় নেওয়া কিছু শক্তিকে ব্যবহার করছে। দেশটা অস্থিতিশীল হলে কী আমি একা ক্ষতিগ্রস্ত হব? আমাদের সবার বংশধররা ক্ষতিগ্রস্ত হবেন। শেখ হাসিনাকে আগামীর জন্য দরকার। একের পর এক ধাক্কায় পৃথিবী আজ টালমাটাল। আমি অবাক হই যখন জাতীয় পর্যায়ের রাজনীতিবিদরা বলেন, বাংলাদেশ কিছুদিন পর শ্রীলঙ্কা হয়ে যাবে। বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয় একজন রাজনীতিবিদ হিসেবে তো খুশি হওয়ার কিছু নেই।

নারায়ণগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, এলজিইডি তত্ত্বাবধায়ক প্রকৌশলী নারায়ণগঞ্জ অঞ্চল মো. আব্দুল বাছেদ, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হায়দার আলী খান, সহকারী প্রকৌশলী মো. রেজাউল হক, ঝড়া ভৌমিক, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী এম শওকত আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত