‘সাকিবকে মিসগাইড করেছিল বেটউইনার’

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৭:৩৯ পিএম

আগস্ট মাসের শুরুতে টাইগাররা ছিল জিম্বাবুয়ে। ছুটি থাকায় দলের সঙ্গে ছিলেন না সাকিব আল হাসান। তবে দলের সঙ্গে না থাকলেও আলোচনার বাইরে থাকেননি তিনি। বেটউইনার নিউজের সঙ্গে তার চুক্তিতে বেশ তোলপাড় হয়েছিল দেশের ক্রিকেট মহলে। ক্রিকেট বোর্ডের অনুমতি না নিয়েই সেখানে চুক্তিবদ্ধ হন সাকিব। বিসিবির কঠোরতায় শেষ পর্যন্ত চুক্তি বাতিল করেই ফিরে এসেছেন সাকিব। দেশের ফেরার দিনই ফিরে পেয়েছেন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটার হিসেবে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার আগে অনুমতি নিতে হয় বোর্ডের কাছ থেকে। কিন্তু সাবিক সেটা করেননি। শৃঙ্খলা ভঙ্গের কারণে তিনি পেতে পারতেন শাস্তি। কিন্তু ‘উপায়হীন’ বিসিবি তাকে এবারও দিচ্ছে ছাড়। বিকল্প না থাকায় দিয়েছে অধিনায়কত্বের ভার। তবু প্রশ্ন উঠছে কেন চুক্তিতে গেলেন সাকিব? বিসিবি পরিচালক জালাল ইউনুস জানালেন তাকে মিসগাইড করা হয়েছিল।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস অধিনায়ক হিসেবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন।

এ সময় সাংবাদকিদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, একটি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে সাকিব আল হাসানের নাম আসার পর কিভাবে তাকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হলো?

জবাবে জালাল ইউনুস বলেন, ‘এটা নিয়ে অনেক আলাপ হয়েছে। সাকিব তার ভুল বুঝতে পেরেছে। এটা করা তার ঠিক হয়নি। সাকিব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সাকিবকেই অধিনায়ক করার পরিকল্পনা ছিল। তাকে আমাদের প্রয়োজন। নিজের ভুল স্বীকার করে সে ফিরে এসেছে, এটাকেই আমরা সঠিক ধরে নিয়েছি এবং তাকে দায়িত্ব দিয়েছি।’

জালাল ইউনুস আরো বলেন, ‘সে ভুল করে একটা অনলাইন নিউজ পোর্টাল মনে করে ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল। এটা অবশ্যই সঠিক হয়নি। তাকে বুঝিয়ে বলার পর সে ওখান থেকে সরে এসেছে।’

জানতে চাওয়া হয়, যারা তাকে চুক্তিতে সাইন করিয়েছিল সেই বেটউইনার নিউজ তো বেটউইনার নামক বেটিং সাইটেরই অঙ্গ প্রতিষ্ঠান। তাহলে তারা কী সাকিবকে মিসগাইড করেছিল? জালাল ইউনুস বলেন, ‘হ্যাঁ, তার (সাকিব) কাছে মনে হয়েছিল হয়তো মিসগাইড এটা।’

কিন্তু সে তো বোর্ডের অনুমতি না নিয়েই চুক্তিটা করেছিল। এটা তো একটা অপরাধ। জালাল ইউনুস বলেন, ‘সেটা আলাপ-আলোচনা হয়েছে। পরবর্তীতে এটা নিয়ে আরও আলাপ হবে। যেটা আমাদের অনুমতি ছাড়া হয়েছে, একটা এনডোর্সমেন্ট নিয়েছে, সে জিনিসটা আগেও আলাপ করেছি এবং আমাদের পরবর্তী বোর্ড মিটিংয়েও এটা আলাপ হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত