'৭৫ এর ১৫ আগস্ট তো আপনি রাস্তায় নামেননি'— ওবায়দুল কাদেরকে রিজভী

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৮:৫৩ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,'আপনি শুধু বড় বড় কথা বলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট আপনি তো ছাত্রনেতা ছিলেন, কই তখন তো আপনি রাস্তায় নামেননি।'

শনিবার (১৩ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে জিয়া মঞ্চের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে
ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে রাজপথ দখলের হমকি দেন, যদি আইনশৃঙ্খলা বাহিনী না থাকে তাহলে আপনারা রাজপথ থেকে ভীত শৃগালের মতো পালিয়ে যাবেন। বিএনপি নেতা-কর্মীদের গুম করে, খুন করে, বিচারবহির্ভূত হত্যা করে, দেশের সম্পদ হরিলুট করে, চুরি করে আপনারা অহংকার দেখাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া মাঠে নামলে আপনারা তুলার মতো উড়ে যাবেন।’
 
রিজভী বলেন, ‘আপনি এত বড় কথা বলেন, আপনার নেত্রীকে এক-এগারোতে যখন গ্রেপ্তার করা হয়েছিল, কই তখন তো রাজপথে একটি মিছিলও করতে পারেননি। পাঁচশ লোক নিয়ে রাস্তায় নামতে পারেননি। ১৫ আগস্টের ঘটনার সময়তো আপনি ছাত্রনেতা, কই তখন তো আপনি রাস্তায় নামেননি।’ 

তিনি বলেন,‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে কৌতুক অভিনেতায় পরিণত হয়েছেন। বাংলাদেশের মানুষ নয়, সরকারের বংশধররা বেহেশতে আছেন কারণ আওয়ামী লীগের ওয়ার্ডের নেতারাও এখন কোটিপতি। লক্ষ কোটি টাকা লুটপাট করে যারা বিদেশে টাকা পাচার করেছেন, যারা বিদেশে অট্টালিকা তৈরি করেছেন সেই টাকা পাচারকারীরা বেহেশতে আছেন, তবে সে বেহেশত সাদ্দাতের বেহেশত। অচিরেই সেই বেহেশত ভেঙে খান খান হয়ে যাবে।’
 
আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, অধ্যাপক আমিনুল ইসলাম, ফয়েজ উল্লাহ ইকবাল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত