দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছেন অথবা সৃজনশীল উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা উন্নয়নে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন এমন অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রতি বছর পুরস্কৃত করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন। এ ধারাবাহিকতায় চলতি বছরের জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২২ প্রদানের লক্ষ্যে উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন চেয়েছে সংস্থাটি। নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।
বর্ষসেরা অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এই তিন শ্রেণিতে পুরুষ ও নারী উদ্যোক্তাদের আলাদাভাবে পুরস্কার দেবে এসএমই ফাউন্ডেশন। প্রতিটি শ্রেণি থেকে একজন করে উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া একটি দেশীয় স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন এমন একজনকে দেওয়া হবে বিশেষ পুরস্কার।
এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, পুরস্কারের জন্য উদ্যোক্তাকে প্রাধান্য দেওয়া হবে, উদ্যোক্তার প্রতিষ্ঠানকে নয়। শুধু উৎপাদন ও সেবামূলক ব্যবসার সঙ্গে যুক্ত উদ্যোক্তারা আবেদন করতে পারবেন। ট্রেডিং বা আমদানি ব্যবসা করেন এমন উদ্যোক্তারা আবেদন করতে পারবেন না। আগ্রহী উদ্যোক্তা তার মালিকানাধীন সুনির্দিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের বিপরীতে আবেদন করবেন। আর অংশীদারি ব্যবসা হলে অন্য সহযোগীদের সম্মতিপত্র জমা দিতে হবে। একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এমন উদ্যোক্তা যেকোনো একটি প্রতিষ্ঠানের বিপরীতে আবেদন করতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার অভিজ্ঞতাও বিবেচনা করা হবে বলে জানিয়েছে এসএমই ফাউন্ডেশন।
স্টার্টআপ ছাড়া অন্য উদ্যোক্তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স অনুসারে ব্যবসা পরিচালনায় ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সৃজনশীল, অপ্রচলিত, রপ্তানিমুখী, পরিবেশবান্ধব ও বেশি কর্মসংস্থান সৃষ্টি করছে এমন উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ৩১ আগস্টের মধ্যে ইমেইলের মাধ্যমে বা এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে সরাসরি আবেদন জমা দিতে বলা হয়েছে।
