দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে বর্তমানে দেশে ৩৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল একই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি ৯২ জনের মধ্যে ৮৯ জন ঢাকার ও ৩ জন ঢাকার বাইরের। এ নিয়ে বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৫৫ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৮৪ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৭১ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৬৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩ হাজার ২৭২ জন। এ বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৬ জন।
