মানবাধিকারকর্মীদের কথা শুনলেন মিশেল

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০২:২৪ এএম

বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট গতকাল সোমবার জাতীয় শোক দিবসে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপর রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে মানবাধিকারকর্মী ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পরে সন্ধ্যা ৬টায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে পৌঁছান তিনি। আজ মঙ্গলবার সকালে তার উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।

গতকাল ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মিশেল। এরপর জাদুঘর পরিদর্শন ও পরিদর্শন বইয়ে সই করেন। জাদুঘরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় জাদুঘরের বিভিন্ন অংশ তাকে ঘুরে দেখান তিনি।

চার দিনের সফরে গত রবিবার সকালে ঢাকায় পৌঁছান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল ব্যাচেলেট। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান। দেশের মানবাধিকার পরিস্থিতি দেখতে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তার এ সফর বলে এক বার্তায় জানিয়েছে জেনেভায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সদর দপ্তর। জাতিসংঘের কোনো মানবাধিকারবিষয়ক প্রধানের প্রথম বাংলাদেশ সফর এটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন বৈঠকের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন তিনি।

মিশেল ব্যাচেলেটকে বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখানোর পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘আমাদের এখানে মানবাধিকার শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙঙ্গ দুয়েকটি সুনির্দিষ্ট বিষয়ের কথা বলা হয় মাত্র। কিন্তু মানবাধিকার অনেক বিশাল ক্যানভাসের একটি বিষয়। উনি (মিশেল ব্যাচেলেট) ও আমরা সেই বিষয়গুলো জানি, বুঝি এবং আশা করি আপনাদের মাধ্যমে বাংলাদেশের ১৬ কোটি মানুষ জানবে।’

তিনি বলেন, ‘দারিদ্র্যের কারণে মাইগ্রেশন, জলবায়ু পরিবর্তনের ফলে দারিদ্র্য, যুদ্ধবিগ্রহের কারণে বাস্তুচ্যুত হওয়া, রাজনৈতিক হত্যাকাণ্ড বা হত্যাকাণ্ডের বিচার না পাওয়া, খুনিদের আরেক দেশে আশ্রয় দেওয়া এ সবকিছুই কিন্তু মানবাধিকারের লঙ্ঘন। আমরা অব্যাহতভাবে কাজ করব, এই কমিটমেন্টের অংশ হিসেবেই তিনি (ব্যাচেলেট) এখানে এসেছেন।’

এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিচেল ব্যাচেলেটের সঙ্গে বৈঠক করেন মানবাধিকারকর্মী ও সংস্থার প্রতিনিধিরা। বৈঠক শেষে ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি দেশ রূপান্তরকে বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশে ৬০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। এরপর থেকে স্বজনদের খুঁজছে ভিকটিম ফ্যামিলিগুলো। গুমের এসব ঘটনার যাতে সুষ্ঠু তদন্ত হয় সে বিষয়ে নিশ্চিত করার দাবি জানিয়েছি আমরা।’ তিনি আরও জানান, তার ভাই সাজেদুল ইসলামকে ২০১৩ সালের ডিসেম্বরে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায়। এরপর এখন পর্যন্ত তার সম্পর্কে কিছু জানতে পারেনি পরিবার।

গতকাল সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। আজ মঙ্গলবার সকালে তিনি প্রথমে উখিয়ার কুতুপালং ক্যাম্প এক্সটেনশন ৪-এ কর্মরত সংস্থার লোকজন ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত