চা শ্রমিকদের ধর্মঘট সংকট নিরসনে আলোচনা আজ

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০২:৩৩ এএম

মজুরি বৃদ্ধির দাবিতে সারা দেশের ২৩১টি চা বাগানের শ্রমিকদের ধর্মঘটের মধ্যে সংকট নিরসনে বৈঠক হবে আজ মঙ্গলবার। বাংলাদেশ শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরীর শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। আজ তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাবেন বলে জানিয়েছেন বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপপরিচালক মোহাম্মদ নাহিদুর রহমান।

তিনি জানান, মহাপরিচালক শ্রীমঙ্গলে এসে প্রথমে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বসবেন। পরে তাদের দাবি-দাওয়ার বিষয় নিয়ে বাগান মালিকদের সঙ্গে কথা বলবেন। ধর্মঘটের কারণে মালিক-শ্রমিক দুপক্ষের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তবে উভয়পক্ষকে মহাপরিচালকের সঙ্গে বসার জন্য বলা হয়েছে। তারাও আসতে সম্মতি জানিয়েছেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী উপদেষ্টা রামভজন কৈরী দেশ রূপান্তরকে বলেন, ‘দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতেই চা শ্রমিকদের চলমান এ আন্দোলন। যেহেতু শ্রম অধিদপ্তরের মহাপরিচালক আমাদের সঙ্গে বসে চলমান আন্দোলনের একটি সমাধান করতে চাচ্ছেন, আমরা আলোচনায় রাজি আছি। তবে কর্মসূচি অনুযায়ী আমাদের যৌক্তিক আন্দোলন চলবে।’

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, ‘আমরা ১০ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে সেখানে যাব। আমাদের শ্রমিকরা কী কঠিন অবস্থায় আছে, সেটি সরকার ও মালিকপক্ষকে অবশ্যই দেখতে হবে। চা বাগানের শ্রমিকদের খাদ্যের অভাব, ভালো চিকিৎসার অভাব, ছেলে-মেয়েদের পড়াশোনার অভাব। ঘরে ঘরে শ্রমিকদের কষ্ট। আমরা এর একটি ভালো সমাধান চাই। ২০২২ সালে ডিজিটাল বাংলাদেশে এসে আমরা দাসত্বের জীবন কাটাতে চাই না। আমাদের দাবি নিয়ে সুন্দর সমাধান পেলে আমরা আন্দোলন প্রত্যাহার করব। কিন্তু দাবি না মানা হলে কঠোর আন্দোলনে নামব।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ৪ দিন কর্মবিরতি ও গত শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন চা শ্রমিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত