দেশে গত এক সপ্তাহে করোনায় মৃত্যু কমেছে ৩১ শতাংশ ও রোগী কমেছে ২৬ শতাংশ। গত সপ্তাহে (৮-১৪ আগস্ট) করোনায় মারা গেছে ৯ জন। এর আগের সপ্তাহে (১-৭ আগস্ট) মারা গিয়েছিল ১৩ জন।
গত সপ্তাহে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৩৫ জন। এর আগের সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৭৮ জন। সে হিসাবে গত এক সপ্তাহে রোগী কমেছে ২৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এপিডেমিওলজিক্যাল প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মৃত ৯ ব্যক্তির মধ্যে টিকা নেয়নি ৬ জন, যা মোট মৃত্যুর ৬৬ দশমিক ৭ শতাংশ এবং টিকা পেয়েছিল ৩ জন, যা মোট মৃত্যুর ৩৩ দশমিক ৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত সপ্তাহে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে উচ্চ রক্তচাপ ছিল ৮৩ দশমিক ৩ শতাংশের। ডায়াবেটিস, বক্ষব্যাধি, হৃদরোগ ও কিডনিজনিত রোগে আক্রান্ত ছিল ৫০ শতাংশ করে। এছাড়া স্ট্রোকে আক্রান্ত রোগী ছিল ৩৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছে। মৃত ব্যক্তির বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। সে ঢাকা বিভাগের সরকারি হাসপাতালে মারা যায়।
