র‍্যাব 'সেলফ ডিফেন্সে' গুলি চালায়, মার্কিন রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৮:০০ পিএম

র‌্যাবের নিষেধাজ্ঞা তোলার সুপারিশ জানিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই বাহিনীর কেউ বেআইনি কাজ করলে তাকে আইনের আওতায় আনে সরকার। যদিও, বেআইনি কাজে জড়িত র‌্যাব সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন পিটার হাস।

মঙ্গলবার (১৬ আগস্ট) সচিবালয়ে দেখা করতে গেলে তাকে এ কথা বলেন মন্ত্রী।

পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, 'র‌্যাবের বিষয়ে আমি এও বলেছি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি সেলফ ডিফেন্সে গুলি করে থাকে। সেটা যথাযথ হয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় ঘটনার পরপরই। তিনি (ম্যাজিস্টেট) যদি মনে করেন এটা যথাযথ হয়নি, তাহলে সেই সদস্যকে ‘ট্রায়াল ফেইস’ করতে হয়।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তিনি (পিটার) বলেছেন, এটা তো তোমরা পাবলিকলি এনাউন্স করে না। আমরা বলেছি, যেগুলো করার সেগুলো আমরা করছি।'

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমদসহ বাহিনীর সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের যে কোনো কর্মকর্তার সঙ্গে সরকারের কারও বৈঠকে সেই নিষেধাজ্ঞা তোলার বিষয়টি স্থান পাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'র‌্যাবের বিষয়ে তারা (যুক্তরাষ্ট্র) বলেছে, যেভাবে র‌্যাবের কাজ করা উচিৎ ছিল, সেভাবে কাজ করেনি বলেই র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা বলেছি, র‌্যাবের কোনো সদস্য বেআইনি কোনো কাজ করলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়।'

এক্ষেত্রে, নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় র‌্যাব সদস্যদের বিচারের কথা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র কোন কোন খাতে সহযোগিতা বাড়াতে পারে, তা মন্ত্রীর কাছে জানতে চেয়েছেন পিটার হাস।

তারা মানবপাচার বন্ধে কাজ করতে ইচ্ছুক। আমাদের নিরাপত্তার জন্য যদি কিছু প্রয়োজন হয়, সেখানে সহযোগিতা করতে পারে। দুই-তিনটি খাতে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র লিখিত প্রস্তাব দিয়েছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সেখানে আমরা খুব শিগগির সমঝোতা স্মারক সই করবো, সেটা তাকে (মার্কিন দূত) জানিয়ে দিয়েছি। এখন এগুলো শেষ পর্যায়ে আছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত