শ্রীলঙ্কার বন্দরে চীনের সামরিক জরিপ জাহাজ

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১০:৪২ পিএম

চীনের সামরিক বাহিনীর জরিপ জাহাজ ইউয়ান ওয়াং-৫ শ্রীলঙ্কার চীননির্মিত হাম্বানটোটা বন্দরে নোঙর করেছে। গত সোমবার নৌযানের গতিপথের ওপর নজর রাখা রেফিনিটিভ ডেটা ও স্থানীয় গণমাধ্যম চীনা জাহাজের লঙ্কান বন্দরে ভেড়ার তথ্য নিশ্চিত করেছে।

শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় সবচেয়ে বেশি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দুই দেশ ভারত ও চীনের মধ্যে গত কিছুদিন ধরে এই জাহাজের নোঙর করা নিয়ে বাদানুবাদ চলছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শক্তিশালী ও বড় প্রতিপক্ষ চীন এশিয়া ও ইউরোপের মধ্যে জাহাজ চলাচলের প্রধান পথের নিকটবর্তী হাম্বানটোটা বন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে, এমন আশঙ্কায় উদ্বিগ্ন নয়া দিল্লি। বৈদেশিক নিরাপত্তা বিশ্লেষকরা ইউয়ান ওয়াং-৫-কে চীনের অত্যাধুনিক প্রজন্মের স্পেস-ট্র্যাকিং জাহাজ বলছেন; এ ধরনের জাহাজগুলো উপগ্রহ, রকেট ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। গত শনিবার শ্রীলঙ্কা জানিয়েছিল, ভারত ও যুক্তরাষ্ট্র উদ্বেগ জানানো সত্ত্বেও তারা ইউয়ান ওয়াং-৫-কে হাম্বানটোটা বন্দরে নোঙরের অনুমতি দিয়েছে। তবে শ্রীলঙ্কার জলসীমায় থাকাকালে জাহাজটি কোনো গবেষণা পরিচালনা করবে না এ শর্তে তাদের নোঙরের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার বন্দর কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত