নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে মাত্র দু’দল থাকায় পদকের নিশ্চয়তা মিলেছিল আগের দিন। গতকাল সবার লক্ষ্য ছিল রিকার্ভ ইভেন্টে। প্রত্যাশা ছিল রোমান সানা, দিয়া সিদ্দিকীদের ঘিরে। তবে দারুণ এক হতাশার দিন উপহার দিলেন রিকার্ভের আরচাররা। তুরস্কের কোনিয়া শহরে ইসলামিক সলিডারিটি গেমসের রিকার্ভ একক ইভেন্টে পদকের স্বপ্ন শেষ হয়ে গেছে তাদের ব্যর্থতায়। পুরুষ এককের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন রোমান ও হাকিম আহমেদ রুবেল। প্রি-কোয়ার্টারে ঝরে গেছেন সাগর ইসলাম। আর নারী এককে দিয়া কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেলেও নাসরিন আক্তার প্রি-কোয়ার্টার ও বিউটি রায়ের বিদায় দ্বিতীয় রাউন্ড থেকে।
গতকাল সকালে এলিমিনেশনের দ্বিতীয়পর্বে আইভরি কোস্টের ইয়েনি ফ্রাঙ্ককে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে শুরু করেন রোমান। প্রি-কোয়ার্টার ফাইনালে তিনি একই ব্যবধানে হারান উজবেকিস্তানের সাদিকভ আমিরখনকে। তবে কোয়ার্টারে আরেক উজবেক প্রতিপক্ষ উঙ্গালভ ওজবেকের কাছে ০-৬ সেট পয়েন্টে হারেন রোমান। বাই পেয়ে দ্বিতীয়পর্বে যাওয়া রুবেলের শুরুটাও কুয়েতের তাহা আব্দুল্লাহ ও ইন্দোনেশিয়ার আলভিয়ান্তো বাগাসকে হারানোর মধ্য দিয়ে। তবে কোয়ার্টারে তুরস্কের একে সামেটের কাছে ০-৬তে হেরে বিদায় নিতে হয় রুবেলকে। সাগর ইসলাম ইরানের আশরাফি সাবেগকে হারানোর পর হেরে যান তুরস্কের জাকোজ মেতের কাছে।
নারীদের রিকার্ভে কোয়ার্টার ফাইনালে যেতে দিয়া সিদ্দিকী মালয়েশিয়ার ফজি নূর আইনকে ৭-১ ও কিরগিজস্তানের মাতাকুলোভা আতুরগানকে হারান। তবে কোয়ার্টার ফাইনালে তাকে হার মানতে হয় তুরস্কের আনাগজ ইয়াসমিনের কাছে। নাসরিন আজারবাইজানের জামানোভা নাজিনকে হারালেও প্রি-কোয়ার্টারে হারেন ইন্দোনেশিয়ার অক্টাভিয়া রেজ্জার কাছে। বিউটি রায় অবশ্য কিরগিজস্তানের ক্যানেথব্রেক জাইবের কাছে হেরে বিদায় নেন দ্বিতীয়পর্ব থেকে।
ব্রোঞ্জের জন্য লড়বেন রোকসানা: রিকার্ভে হতাশার দিনে আবারও পদকের সম্ভাবনা দেখিয়েছেন বাংলাদেশের কম্পাউন্ড ইভেন্টের আরচাররা। গতকাল মেয়েদের এককে সেমিফাইনালে হেরে গেলেও ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নাম লিখিয়েছেন রোকসানা আক্তার।
