গাজীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের রকেটের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৫ লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। তার নাম শাহেদ শরীফ (২৬)।
গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার এনায়েতপুর বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রকেটের বিক্রয় প্রতিনিধি শাহেদ শরীফ তার অপর এক সহকর্মীকে নিয়ে গতকাল সকাল থেকে গাজীপুরের কাশিমপুরসহ আশপাশের এলাকার বিভিন্ন এজেন্টের দোকান থেকে টাকা কালেকশন করেন। সেখান থেকে একটি অটোরিকশায় তারা জিরানীর দিকে যাচ্ছিলেন। ওই অটোরিকশায় তাদের সঙ্গে অন্য যাত্রীরাও ছিলেন। এনায়েতপুর বাগানবাড়ি নামক স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী তাদের অটোরিকশার গতিরোধ করে। পরে রকেটের বিক্রয় কর্মীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগটি লুট করার চেষ্টা করে। এ সময় শাহেদ শরীফ ব্যাগটি দিতে না চাইলে তার হাতে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে টাকার ব্যাগটি লুট করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন শাহেদ শরীফকে আহত অবস্থায় উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করেন। বিক্রয়কর্মী শাহেদ শরীফ পুলিশকে জানান, তার ব্যাগে ৫ লাখ ২২ হাজার টাকা ছিল।
কাশিমপুর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।
