ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্র্তৃপক্ষের (ওয়াসা) কর্মকর্তা এবং কর্মচারীদের তিনটি মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস (পারফরম্যান্স অ্যাওয়ার্ড) হিসেবে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে উচ্চ আদালত। এছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা ওয়াসার পানির শুল্ক ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল দিয়েছে হাইকোর্ট।
এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রুলসহ তিন মাসের এ নিষেধাজ্ঞা দেয়। ওয়াসা আইনের ২১ ও ২২ ধারা লঙ্ঘন করে কোনো বিধি প্রণয়ন না করেই পানির শুল্ক নির্ধারণ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না এবং ওয়াসার কর্মচারীদের পারফরম্যান্স বোনাস দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, ঢাকা ওয়াসা বোর্ড, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), সিইওকে (প্রধান নির্বাহী কর্মকর্তা) এবং প্রতিষ্ঠানটির অডিটর অ্যান্ড কম্পট্রোলার জেনারেলকে (সিএজি) রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চেয়ারম্যান স্থপতি মোবাশ্বের হোসেন সম্প্রতি এ রিট আবেদনটি করেন।
গত ২৭ এপ্রিল ঢাকা ওয়াসা বোর্ডের ২৯১তম সভায় পারফরম্যান্স অ্যাওয়ার্ড (উৎসাহ বোনাস) দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ১ সেপ্টেম্বর থেকে আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা।
