যাত্রাবাড়ীতে ছুরি মেরে আ.লীগ নেতাকে হত্যা

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০২:১২ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী চৌরাস্তার শহীদ ফারুক সড়কে হামলার শিকার হন তিনি। নিহত এ নেতার নাম আবু বকর সিদ্দিক (৪০)। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বাবার নাম আলী আহমেদ হাওলাদার। তারা ওই এলাকার বাসিন্দা।

হত্যাকান্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যেকোনো পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আবু বকর সিদ্দিকের চাচাতো ভাই সুমন ইসলাম সাংবাদিকদের বলেন, গত সোমবার এলাকায় ইন্টারনেটের লাইন নিয়ে কয়েকজন বিএনপিকর্মীর সঙ্গে তার ভাইয়ের কথাকাটাকাটি হয়। ওই সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল তারা। গতকাল রাত ৮টার দিকে শহীদ ফারুক সড়কে কয়েকজন দুর্বৃত্ত আবু বকরকে আটকে শরীরের বিভিন্ন জায়গায় ছুরি মারে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। কী কারণে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা বের করতে পুলিশ কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত