নড়াইলে খাবার বিতরণ নিয়ে আ. লীগের সংঘর্ষ, আহত ৪

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১১:০৩ এএম

নড়াইলে খাবার বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মী আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- নড়াইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াজ আহম্মেদ সজল, স্বেচ্ছাসেবক লীগ কর্মী তৌহিদুর রহমান সাগর, ফারুক হোসেন ও নাহিদুজ্জমান। এদের বাড়ি শহরের ভওয়াখালী ও চরেরঘাট এলাকায়। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভুক্তভোগীরা জানান, নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহম্মেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের কয়েকটি খাবার প্যাকেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বোরহান উদ্দিনের কাছে ছিল। এসময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বোরহান উদ্দিনের কাছে খাবার চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বোরহান উদ্দিনকে মারধর করেন। খবর পেয়ে বোরহানের পক্ষের নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিসে ওঠার সিঁড়ির স্টিলের রেলিং ভেঙে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মারধর করেন। এ সময় স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মী আহত হন। এর মধ্যে নড়াইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াজ আহম্মেদ সজলকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে নড়াইল পৌর মেয়র আনজুমান আরা বলেন, আমি দুই পক্ষকেই নিবৃত করার চেষ্টা করেছি। 

নড়াইল সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত। এ নিয়ে কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত