অনুরাগ কাশ্যপ আর তাপসী পান্নু এই মুহূর্তে ব্যস্ত তাদের ছবি 'দোবারা'র প্রোমোশন নিয়ে। 'মনমরজিয়ার' পর ফের 'দোবারা' ছবিতে একসঙ্গে কাজ করছেন এই পরিচালক-অভিনেত্রী জুটি।
তবে এই মুহূর্তে বলিউড তোলপাড় রণবীর সিং-র নগ্ন ফটোশ্যুট নিয়ে। এর ফলে আইনি জটিলতায় পর্যন্ত জড়ান অভিনেতা।
সম্প্রতি জে আর সিদ্ধার্থ খান্নার শো-তে নিজেদের ছবি 'দোবারা' নিয়ে আসেন তারা। সেখানেই ওঠে রণবীর সিং-এর নগ্ন ফটোশুট প্রসঙ্গ। শোতে তাপসী রণবীরের শরীরী ভাঁজের প্রশংসা করেন। তবে বিব্রত হন তখনই যখন তাকে প্রশ্ন করা হয়, যদি ওই ধরনের শুট তাকে করতে বলা হয় তাহলে কি তিনি করবেন?
তবে বিষয়টি দারুণভাবে ম্যানেজ করে নেন পরিচালক অনুরাগ কাশ্যপ। নিজের শরীরের সঙ্গে তাপসীর তুলনা টানেন। অনুরাগ বলেন, 'আমার স্তন তাপসীর স্তনের থেকে অনেক বড়'। পরিচালকের এমন উত্তর শুনে হতচকিত নায়িকা হেসে প্রায় লুটোপুটি।
পুরো ঘটনাটাই হয় মজার ছলে। যদিও অনুরাগের এই মন্তব্য বেশ ভাইরাল হয় অন্তর্জালে।
কদিন আগে বয়কট প্রসঙ্গেও মুখ খোলেন তাপসী। তিনি বলেন, 'আমাদের ছবিকেও বয়কট করে দিন।'
আগামী ১৯ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে 'দোবারা'। ছবির ট্রেলার দেখলেই বোঝা যাবে, রহস্যে ভরপুর। তবে কল্পবিজ্ঞান নাকি ভৌতিক তা এখনই বোঝা যাচ্ছে না। ২৬ বছর আগের একটি খুন। অন্ধকার আর গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়েই কেটে যায় ছবির ট্রেলার, রেখে যায় বহু প্রশ্ন যা দর্শককে টেনে নিয়ে যাবে প্রেক্ষাগৃহে।
বরাবরই স্পটবাদী তাপসী, লুকোচুরির বালাই নেই তার কথায়। একের পর এক ছবিতে কাজ করছেন। বড়পর্দার পাশাপাশি ওটিটিতেও দুর্দান্ত ফ্যানবেস, তবু 'কফি উইথ করণ সিজন সেভেন'-এর অতিথি তালিকায় কেন নেই তাপসী?
সম্প্রতি অনুরাগের সঙ্গে একটি প্রোমোশনাল ইভেন্টে হাজির হয়ে ওই প্রশ্নের উত্তর দেন তাপসী। তার ছবির প্রোমোশন যে কক্ষে হচ্ছিল, তার পাশের ঘরেই উপস্থিত ছিলেন করণ জোহর। নিজের চ্যাট শোর প্রোমোশন করছিলেন তিনি। আর তাই সংবাদকর্মীরা এ প্রশ্ন করেন তাপসী পান্নুকে।
তাপসী আদৌ ওই প্রশ্নের উত্তর দেবেন না এড়িয়ে যাবেন সেটা স্পষ্ট ছিল না। যদিও শেষমেশ হতাশ করেননি অভিনেত্রী। বরং দুর্দান্ত এক উত্তর দেন। বলেন, 'আমার যৌন জীবন ততটা আর্কষণীয় নয়, তাই ডাক পাই না।' সূত্র : এইসময়
