রাজধানীর উত্তরায় প্রাইভেট কারের ওপর বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে পাঁচজন নিহতের ক্রেনচালক এবং তার সহকারীসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র্যাব। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে
বিস্তারিত জানাবে পুলিশের বিশেষায়িতএই ইউনিটটি।
গার্ডার পড়ে নিহতের ঘটনায় নয়জনকে গ্রেপ্তারের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, প্রাইভেট কারের ওপর গার্ডার ছিটকে পড়ে একই পরিবারের পাঁচ সদস্য নিহতের ঘটনার শুরু থেকেই জড়িতদের ধরতে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। দুর্ঘটনার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল। ঘটনার পরপরই জড়িতরা ঢাকা থেকে পালিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। গ্রেপ্তার নয়জনের বিষয়ে আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত সোমবার বিকেলে উত্তরায় প্যারাডাইস টাওয়ারের সামনে বিআরটি প্রকল্পের নির্মাণকাজ চলাকালে ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় সেটি চলন্ত প্রাইভেট কারের ওপর পড়ে। গার্ডারটি পড়ার পরপরই ক্রেনচালক পালিয়ে যান। অন্য ক্রেনচালক এনে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় পর গার্ডারটি সরিয়ে গাড়ির মধ্য থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। ওই গাড়িতে থাকা নবদম্পতি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। হতাহতরা একটি বৌভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন। এ ঘটনায় ওই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সেখানে ক্রেনচালককেও আসামি করা হয়।
