সাগরে লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০২:০১ এএম

বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ইতিমধ্যে সুস্পষ্ট লগুচাপে পরিণত হয়েছে। এবারের লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। ফলে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়।

বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী কয়েক দিন আগে বর্ষা মৌসুম শেষ হলেও গত ৪০ বছরের সবচেয়ে কম বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে এ বছর জুলাই মাসে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, জুলাই মাসে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫০০ মিলিমিটার। কিন্তু এ বছর জুলাইয়ে গড় বৃষ্টিপাত ছিল ২১১ মিলিমিটার (মিমি)। অন্যদিকে ২০২০ সালে গড় বৃষ্টিপাত হয়েছিল ৫৫৩ মিমি। ২০২১ সালে গড় বৃষ্টিপাত হয়েছিল ৪৭১ মিমি, যা অন্যান্য বছরের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ কম। শুধু তাই নয়, এ সময় অন্যান্য বছরের তুলনায় জুলাইয়ে গড় তাপমাত্রা বেড়েছে। জুলাইয়ে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যেখানে গত ৩০ বছরের গড় তাপমাত্রা ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

একই অবস্থা চলতি আগস্ট মাসেও। সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলতি মাসে। তবে সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়।

আবহাওয়ার অস্বাভাবিক পরিস্থিতির কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরমে মেঘ পুঞ্জীভূত হতে পারছে না। গরম বাতাসের ধাক্কায় মেঘে যে পানি থাকে তা বৃষ্টি হয়ে নামার আগেই বাষ্প হয়ে যাচ্ছে। তীব্র গরমের কারণে বাতাসের স্বাভাবিক গতি প্রবাহে পরিবর্তন এসেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির দেশ রূপান্তরকে বলেন, ‘লঘুচাপের কারণে রাজধানীসহ দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রাও কিছুটা কমবে। তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এতে করে গরমের যে তীব্রতা সেটাও কমবে।’ তিনি আরও বলেন, ‘এ সময় বৃষ্টিপাত তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে। লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। ভারতের রাজস্থান ও এর কাছাকাছি এলাকায় এখন আছে সুস্পষ্ট লঘুচাপটি। মৌসুমি বায়ুর অক্ষ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল এবং এটি ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। গোপালগঞ্জ, মানিকগঞ্জ জেলাসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় কমে যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত