গলায় ছুরি ঠেকিয়ে চাঁদা আদায় ছাত্রলীগ নেতার

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০১:৫৮ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নিয়ে মারধরের পর গলায় ছুরি ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গত শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার ১৩২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

মারধর ও চাঁদাবাজির অভিযোগে ঘটনার দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মারধরের শিকার সামছুল ইসলাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। আর অভিযুক্ত ভাস্কর সাহা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

লিখিত অভিযোগে সামছুল ইসলাম জানান, তিনি মতিহার হলের ১৫৯ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি হলের ভেতর মোবাইল ফোন মেরামতের কাজ করে নিজের ও পরিবারের খরচ চালান। গত ১৫ আগস্ট মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা তার মোবাইল ফোনে কল করে দেখা করতে বলেন। পরে দেখা করলে ভাস্কর তার কাছে চাঁদা দাবি করেন। এরপর টাকার জন্য ক্রমাগত কল করার পাশাপাশি মানসিক নির্যাতন শুরু করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকাল ৩টায় ভাস্কর তার কক্ষে ডেকে নিয়ে গলায় ছুরি ঠেকিয়ে আনুমানিক ২০ হাজার টাকা কেড়ে নেন। এছাড়া আরও ছয় হাজার টাকা দাবি করেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, টাকা কেড়ে নেওয়া ও চাঁদা দাবির বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাংবাদিকদের জানানোর কথা বললে সামছুল ইসলামকে রড ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারা হয়। এছাড়া কাউকে জানালে আবরারের (ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত বুয়েট ছাত্র) যে অবস্থা হয়েছিল সেই অবস্থা হবে বলে হুমকি দেন। একইসঙ্গে রাত ১১টার মধ্যে আরও ছয় হাজার টাকা না দিলে হল থেকে বের করে দেওয়া হবে বলে জানান। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেন সামছুল ইসলাম।

তবে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা ভাস্কর সাহা। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘তার (সামছুল ইসলাম) সঙ্গে আমার এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি জানি, সে আমার হলে মোবাইল সার্ভিসিং করে। মোবাইল ঠিক করার জন্য আমার দুই ছোট ভাই তাকে ফোন দেওয়ার কথা বলে। পরে সে বিষয়ে তার সঙ্গে কথা হয়।’

নিজের অনুসারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘বিষয়টা আমরা খতিয়ে দেখছি। সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। তার (ছাত্রলীগ নেতা ভাস্কর) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত