সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অগ্নাশয় ও পিত্তথলির কার্যকারিতা ঠিক রাখতে একটি অস্ত্রোপচার হয়েছিল। এরপর কিডনিতে জটিলতা দেখা দেয়। ডায়ালাইসিস চলা অবস্থায় তার হার্টের সমস্যা বেড়ে গেলে ভেন্টিলেশনে রাখা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা তার শারীরিক অবস্থার কথা জানান।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা একটু খারাপ, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে আছেন। এর আগে শারীরিক অসুস্থতার কারণে গত মাসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ১০-১২ দিন আগে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।’
ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করা ডা. সেব্রিনা ফ্লোরা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-নিপসমে কাজ করেছেন। কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেন তিনি। বর্তমানে রোগতত্ত্ববিদ ও গবেষক কভিড-১৯ টিকা-বিষয়ক টাস্কফোর্স কমিটির সভাপতি তিনি।
দেশে করোনা মহামারী শুরুর পর নিয়মিত ব্রিফিংয়ে এসে সর্বশেষ তথ্য ও নানা পরামর্শ দিয়ে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সারা দেশেই পরিচিত মুখ হয়ে ওঠেন। সে সময় তিনি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন। পরে তাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়। ২০২০ সালের ১৩ অগাস্ট থেকে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের পদে রয়েছেন।
