উত্তরায় গার্ডার দুর্ঘটনা

ঠিকাদার প্রতিষ্ঠানের এমডিসহ ১০ জনের নামে আরেক মামলা

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৪:৫১ এএম

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেট কারে থাকা শিশুসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় আইএফএসসিওএন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালকসহ ১০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

গতকাল রবিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম এই আদেশ দেন। এর আগে উত্তরা পশ্চিম থানায় করা মামলায়ও তারা আসামি। গ্রেপ্তারের পর তারা বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছেন।

উত্তরা দুর্ঘটনায় নিহত আইয়ুব হোসেন রুবেলের প্রথম স্ত্রী শাহিদা খানম অবহেলাজনিত হত্যার দায়ে মামলাটি করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পশ্চিম থানার ওসিকে তদন্তের নির্দেশ দেয় আদালত।

মামলার আসামিরা হলেন ঠিকাদার প্রতিষ্ঠান আইএফএসসিওএন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক  ইফতেখার হোসেন ও হেড অব অপারেশনস আজহারুল ইসলাম মিঠু, সিজিজিসি’র প্রকিউরমেন্ট ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম, সেফটি ইঞ্জিনিয়ার জুলফিকার আলী শাহ, ক্রেন চালক আলামিন হোসেন ওরফে হৃদয়, হেলপার রাকিব হোসেন, ইফতেখার হোসেন, তোফাজ্জল হোসেন তুষার, রুহুল আমীন মৃধা, রুবেল ও আফরোজ মিয়া।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট উত্তরা পশ্চিম থানাধীন প্যারাডাইস টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আশুলিয়াগামী প্রাইভেট কারের ওপর বিআরটিএ প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার বক্স আছড়ে পড়ে। এতে গাড়িতে থাকা আইয়ুব হোসেন রুবেল ওরফে নুর ইসলাম রুবেলসহ ৫ জনের মৃত্যু হয়।

সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের সেফটি প্রকৌশলী জুলফিকার আলী শাহ দায়িত্বকালীন ক্রেন চালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বলয় তৈরির যথার্থ পদক্ষেপ নেননি। চরম অবহেলা এবং খামখেয়ালিপনার কারণে পাঁচজনের প্রাণহানি হয়েছে।

অভিযোগে আরও বলেন, ক্রেনচালক আলামিন নিজে দায়িত্ব পালন না করে হেলপার রাকিবকে ক্রেন চালানোর দায়িত্ব দেন। দুর্ঘটনার সময় তারা সহযোগিতা না করে উল্টো পালিয়ে যান।

উল্লেখ্য, উত্তরায় গার্ডার চাপায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ওই দিন রাতেই উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়। মামলাটি করেন নিহত ফাহিমা আক্তার ও ঝর্ণা আক্তারের ভাই আফরান মণ্ডল বাবু। ওই মামলায় নিরাপত্তা নিশ্চিতে অবহেলার অভিযোগ আনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত