থাপ্পড় দিয়ে সাংবাদিকের কান ‘ফাটানোর’ হুমকি ছাত্রলীগ নেতার

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৪:৫২ এএম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছাত্রলীগের কর্মসূচিতে ‘না যাওয়াকে’ কেন্দ্র করে লাঞ্ছিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজ-উদ-দৌলা হলের আবাসিক শিক্ষার্থী ও দেশ রূপান্তরের প্রতিনিধি এমদাদুল হক। গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে দাঁড় করিয়ে এমদাদুলকে ছাত্রলীগের রাজনৈতিক কর্মসূচিতে যেতে বলেন সংগঠনটির মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু। এমদাদুল সাংবাদিক পরিচয় দিয়ে শ্রেণিকক্ষে যেতে চাইলে বাধা দেন তিনি। কথা কাটাকাটির এক পর্যায়ে মিঠু তাকে মারতে উদ্যত হন। তাৎক্ষণিকভাবে উপস্থিত অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করেন। সকালের ওই ঘটনার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে হল থেকে এমদাদুলের বিছানাপত্র ফেলে দেওয়া হয়।

ভুক্তভোগী এমদাদুলের দাবি, সকালে ক্লাসে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে তার পথ আটকে ছাত্রলীগের রাজনৈতিক প্রোগ্রামে যেতে বলেন মিঠু। তিনি সাংবাদিক পরিচয় দিয়ে যেতে পারবেন না বলার পরে তেড়ে মারতে আসেন মিঠু; বলেন, ‘থাপ্পড় মেরে তোর কান ফাটায় দিবো।’ পরে তিনি জোর করে তাকে নিয়ে যেতে চান। তখন সেখানে উপস্থিত শেকৃবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ওলী আহম্মেদ তাকে উদ্ধার করেন। ওই ঘটনার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে হলের সাধারণ সম্পাদক মাসুদ আলম হল থেকে তার বিছানাপত্র ফেলে দেন। এরপর শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমদাদুলের বিরুদ্ধে ‘মন গড়া’ ‘মিথ্যা’ অভিযোগ তোলা হয়।

তবে এমদাদুলের ভাষ্য, গত মাসে দেশ রূপান্তর পত্রিকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্রলীগের চাঁদাবাজি হলের ডাইনিংয়েও’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন করার পর থেকে ছাত্রলীগ তার ওপর ক্ষিপ্ত এবং নানা সময়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ দাঁড় করায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হারুন-উর-রশিদ সুমন বলেন, ‘ভুক্তভোগী সাংবাদিকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি শৃঙ্খলা বোর্ডে উত্থাপন করে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত