লক্ষ্মীপুরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছে বিএনপি। হামলায় চারজন আহত হয়েছেন এবং হামলাকারীরা বাসার জানালার গ্লাস, চেয়ার-টেবিল ও এয়ারকন্ডিশন (এসি) ভাঙচুর করে বলে জানায় বিএনপি।
সোমবার (২২ আগস্ট) সন্ধ্যার দিকে শহরের গোডাউন সড়কে এ হামলা চালানো হয়েছে।
এর আগে বিকেলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে সদর উপজেলা খিলবাইছার মাছিম নগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। সেখানে আওয়ামী লীগ সরকার ও দলের নেতাদের সমালোচনা করে বক্তব্য দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। সভা শেষ হলেও সেখানে থাকা অবস্থায় তার বাসভবনে হামলার ঘটনা ঘটে।
হামলায় এ্যানী চৌধুরী ভাই আরিফ চৌধুরী, ছেলে সাহরিয়ান চৌধুরী, কেয়ারটেকার শিবলু ও কাজের লোক মো. মানিক আহত হন বলে দাবি বিএনপির।
জেলা বিএনপির সদস্যসচিব শাহাবুদ্দিন সাবু হামলার জন্য সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চররুহিতা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারীকে দায়ী করেন।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নেতা কবির পাটওয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। প্রায় অর্ধশত মোটরসাইকেলে নেতাকর্মীরা এসে ভাঙচুর করে। তার ভাই ও ছেলেসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়। এ সময় জানালার গ্লাস, দরজা, এয়ারকন্ডিশন, টেবিল ও বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করেছে হামলাকারীরা।
তিনি জানান, ঘটনার সময় এ্যানী চৌধুরীর ভাই ও ছেলেসহ আহতরা বাড়িতে উপস্থিত ছিলেন। এ্যানী জনসমাবেশে ছিলেন। বাসা খালি পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বারবার তারা গুপ্ত হামলা চালাচ্ছে। বাসাবাড়িতে এখন আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছে।
সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী বলেন, কে বা কারা এ্যানীর বাড়িতে হামলা চালিয়েছে, তা আমি জানি না। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
