এ পজিটিভের বদলে বি পজিটিভ রক্ত পুশ, প্রসূতির মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৬:৫৩ এএম

গাজীপুরের কালীগঞ্জে জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের ভুলে শিরিন বেগম (৩২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রক্তশূন্যতায় ভোগা ওই প্রসূতির এ পজিটিভ রক্তের প্রয়োজন হলেও তার শরীরে দেওয়া হয় বি পজিটিভ রক্ত। স্বজনদের দাবি, ভুল গ্রুপের রক্ত শরীরে ঢোকানোর পর শিরিনের মৃত্যু হয়। এরপর জনসেবা হাসপাতাল কর্র্তৃপক্ষ তাকে মৃত অবস্থায় তড়িঘড়ি করে কথিত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে পরামর্শ দেয়। গত রবিবার রাতে এ ঘটনা ঘটলেও বিষয়টি গতকাল সোমবার সকালে এলাকায় জানাজানি হয়।

এদিকে প্রসূতির মৃত্যুর পর থেকে হাসপাতালের মালিক ও চিকিৎসক আত্মগোপনে রয়েছেন। বন্ধ রয়েছে তাদের ব্যবহৃত মোবাইল ফোনও।

প্রসূতি শিরিন বেগম কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের স্ত্রী।

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গতকাল দুপুরে জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। খোলা ছিল শুধু একটি ওষুধের দোকান। তবে ওই দোকানের কেউ প্রসূতির মৃত্যুর বিষয়ে কথা বলতে রাজি হননি।

পরে মোবাইল ফোনে জনসেবা হাসপাতালের ব্যবস্থাপক জহির উদ্দিন বলেন, ‘রোগীর (প্রসূতি শিরিন বেগম) খারাপ অবস্থা থাকায় তাকে রবিবার রাতে ঢাকা পাঠানো হয়েছে। তবে ওই রোগী মারা গেছে কি না, তা আমার জানা নেই।’ এরপর সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর-এ-এলাহী বলেন, ‘জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র হালনাগাদ নেই। তাদের পুরনো সব কাগজপত্র মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। তারপরও তারা কীভাবে চিকিৎসাসেবা দেয়? ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনা আমি শুনেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান বলেন, ‘ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনাটি সত্যি দুঃখজনক। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সাথে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত