ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৬:৫৬ এএম

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে দেশটির পুলিশ। এক জনসমাবেশে দেশটির একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এবং নারী বিচারককে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে গত রবিবার রাতে ইমরানের বিরুদ্ধে এ মামলা করা হয়।

তবে গ্রেপ্তার এড়াতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী আগাম জামিন পেয়েছেন তিনি। গতকাল সোমবার ইসলামাবাদের হাইকোর্ট দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের জামিন আবেদন মঞ্জুর করে।

ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী শাহবাজ গিলকে গত সপ্তাহে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী গিলের সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ করেন দলীয় প্রধান।  

এর প্রতিবাদে গত শনিবার ইসলামাবাদের জনসমাবেশে দেওয়া ভাষণে ইমরান বলেন, ‘তিনি ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক, উপমহাপরিদর্শক এবং একজন নারী বিচারককে ছাড়বেন না।’   

উল্লেখ্য, পিটিআই নেতা শাহবাজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন বিচারক জেবা চৌধুরী। জেবাকে নিয়ে ইমরান বলেন, ‘তার বিরুদ্ধেও মামলা হবে, তিনি যেন প্রস্তুত থাকেন।’  

এ বক্তব্যের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত রবিবার সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়েছিল দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকার। এর মধ্যেই হুমকি দিয়ে বক্তব্য রাখার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে রবিবার ইসলামাবাদের মারগাল্লা পুলিশ স্টেশনে দেশটির সন্ত্রাসবিরোধী আইনের একটি ধারায় এফআইআর করা হয়।

এফআইআরে অভিযোগ করা হয়, ইমরান ইসলামাবাদের সমাবেশে দেওয়া বক্তব্যে পুলিশ এবং বিচার বিভাগকে ভয় দেখাতে চেয়েছেন, বিচারক জেবা চৌধুরীকে হুমকি দিয়েছেন। পুলিশ এবং বিচার বিভাগকে তাদের আইনি কার্যক্রম চালাতে না দেওয়ার উদ্দেশ্যেই এই হুমকি দিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত শুরুর পর দলীয় প্রধানের গ্রেপ্তারের শঙ্কায় রাজধানী ইসলামাবাদে ইমরানের বানিগালা বাসভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন শত শত নেতাকর্মী।

গত এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশজুড়ে রাজনৈতিক সভা-সমাবেশ করে আসছেন ইমরান খান। এসব সমাবেশে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছে বলে অভিযোগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত