টানা ৯ সপ্তাহ পর করোনা শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশে নেমে এসেছে। এর আগে এর চেয়ে কম শনাক্তের হার ছিল ১৩ জুন, ১ দশমিক ৯১ শতাংশ। এরপর শনাক্তের হার বাড়তে বাড়তে সর্বোচ্চ ১৬ দশমিক ৮৯ শতাংশ হয়েছিল ৬ জুলাই। এরপর এই হার আবার কমতে থাকে। দুদিন ধরে শনাক্তের হার ৩ শতাংশের ঘরে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছে। এর আগে টানা তিন দিন মৃত্যুশূন্য ছিল। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে ২৯ হাজার ৩১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এপিডেমিওলজিক্যাল রিপোর্ট অনুযায়ী, এক সপ্তাহে মৃত্যু কমেছে ৭৮ ও রোগী কমেছে ২৮ শতাংশ। গত সপ্তাহে যে দুজন করোনায় মারা গেছেন, তাদের একজন টিকা নিয়েছিলেন এবং আরেকজন টিকা নেননি।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে সরকারি ও বেসরকারি ৮৮১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৬৪৭টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৬৫৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৪৬৩টি। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ।
